পহেলগাঁও হামলার বদলা নিতে সেনার কড়া পদক্ষেপ, গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গিদের বাড়ি
Army takes strong action to avenge Pahalgaon attack, razes militants' houses
Truth Of Bengal: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আর রেহাই নয়, এবার বদলার মুডে ভারত। অ্যাকশন মোডে রয়েছে ভারতীয় সেনা। বিগত ৩৬ ঘণ্টায় পাঁচ জন সক্রিয় জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা ও প্রশাসন।
শুক্রবার প্রথমে ধ্বংস করা হয় পহেলগাঁও হামলায় সরাসরি যুক্ত দুই জঙ্গির—আসিফ শেখ ও আদিল ঠোকরের বাড়ি। এরপর শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত আরও তিনজন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলওয়ামার মুরানে লস্করের সক্রিয় জঙ্গি ইশান উল হকের বাড়ি শুক্রবার রাতেই গুঁড়িয়ে দেয় প্রশাসন। কুলগাঁওয়ে ২০২৩ সাল থেকে লস্করের সঙ্গে যুক্ত জাকির আহমেদ গানিয়ারের বাড়িও বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হয়। শনিবার সকালে শোপিয়ানে গুঁড়িয়ে দেওয়া হয় ২০০২ সাল থেকে সক্রিয় জঙ্গি শহিদ আহমেদ কুতায়ের বাড়ি। এই তিনজনই বর্তমানে পলাতক।
মঙ্গলবার কাশ্মীরের বৈসরণ ভ্যালি রিসর্টে চারজন জঙ্গি হামলা চালায়। তার মধ্যে দু’জন পাকিস্তানি এবং দু’জন কাশ্মীরি। কাশ্মীরি জঙ্গিদের মধ্যে একজন ছিল আসিফ শেখ, যার বাড়ি শুক্রবার গুঁড়িয়ে দেওয়া হয়। আর একজন আদিল ঠোকর ওরফে আদিল গুরি, ২০১৮ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছিল। হামলার দিন জঙ্গিদের পথ দেখিয়েছিল সে।
শুধু বাড়ি ধ্বংস নয়, ধরপাকড়েও নেমেছে সেনা। শুক্রবার রাত থেকেই সন্দেহভাজন তিনজন সক্রিয় জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। কুলগাঁওয়ে অভিযান চালিয়ে শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
সেনার এই পদক্ষেপে স্পষ্ট—জঙ্গিদের বিরুদ্ধে এবার কোনও রেহাই নয়, দেশ বদলা নিতে প্রস্তুত।






