সুপার কাপে ভাল লড়াই করবে মহমেডান, আশাবাদী দীপেন্দু
Mohammedan will fight well in the Super Cup, Dipendu is optimistic

সুদীপ্ত ভট্টাচার্য: চলতি বছরের সুপার কাপে প্রথম খেলবে মহমেডান স্পোর্টিং। গতবার আইলিগ চ্যাম্পিয়ন্স চলতি মরসুমে আইএসএলের আসরে একেবারেই নিজেদের ক্লাবের প্রতি সুবিচার করতে পারেননি মহমেডান ফুটবলাররা। পয়েন্ট টেবিলের একেবারে নীচেই ছিল তাদের অবস্থান। এবার মিশন কলিঙ্গ সুপার কাপ। বৃহস্পতিবার মহমেডান সুপার কাপ অভিযান শুরু করবে। প্রতিপক্ষ চলতি আইএসএল-এ দুরন্ত ছন্দে থাকা নর্থ-ইস্ট-ইউনাইটেড। যে দলে রয়েছেন আলাদিন আজারাই, এমএস জিথীন এবং পার্থিব গুগুইয়ের মতো ফুটবলাররা।
এই ম্যাচের আগে মহমেডানের ফুটবল সচিব, তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস জানান, ‘আইএসএল-এ আমরা অনেক ম্যাচে লড়াই করেও আমাদের হারতে হয়েছে। খেলায় হার-জিৎ থাকবেই। তবে আইএসএল-এ ফল ভাল হয়নি বলে সুপার কাপে হবে না এমন কোনও কথা নেই। আমাদের দলে বেশিরভাগই স্বদেশী খেলোয়াড়। সামাদ, ইসরাফিল, রেমসাঙ্গা, রবি হাঁসাদা-দের নিয়েই আমরা সুপার কাপে খেলতে এসেছি। দেখা যাক না কি হয়! আমার বিশ্বাস, এরাই বৃহস্পতিবার ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারলে, ম্যাচের ফল হয়তো অন্যরকম হতেই পারে।’
কিন্তু মহমেডানের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। যে দল ধারে ও ভারে মহমেডানের থেকে অনেক এগিয়ে। আজারাই, জিথীনরা ছন্দে থাকলে তো কথাই নেই। সেখানে সাদা-কালো ব্রিগেডের রক্ষণভাগ কতটা সামাল দিতে পারবে? এই প্রসঙ্গে বলতে গিয়ে দীপেন্দু ফিরে যান নিজের খেলোয়াড় জীবনের একবারে শুরুর দিকে। তিনি বলেন ‘টাটা অ্যাকাডেমি থেকে আমরা যখন কলকাতা মাঠে প্রথম পা রেখেছিলাম, আমরাও জুনিয়র ছিলাম। তবুও আমরা যেমন ম্যাচ জিতেছি, আবার অনেক ক্ষেত্রে প্রতিপক্ষ দলের হেভিওয়েট খেলোয়াড়দের সঙ্গে লড়াই করে ম্যাচ ড্র-ও করেছি। সুতরাং আমরা পারলে এরা পারবে না কেন। ওদের মাথায় রাখতে হবে, ওরা মহমেডানের জার্সি গায়ে খেলছে। যে জার্সি গায়ে এককালে ভারতীয় ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন বহু কিংবদন্তী ফুটবলার। সুতরাং ক্লাবের ইতিহাসের কথা ভেবে, এবং আগামী দিনে নিজেদের ক্যারিয়ারের কথা ভেবে বৃহস্পতিবার ওরা সেরাটাই দিক।’
দীপেন্দু তাঁর দলের খেলোয়াড়দের উজ্জিবীত করছেন ঠিক কথাই। এখন মহমেডান খেলোয়াড়রা বৃহস্পতিবার যদি নর্থ-ইস্টকে হারিয়ে দিতে পারে, তাহলে সেটা সুপার কাপের সুপার অঘটনই ঘটবে বলা যেতেই পারে।


