বড়সড় দুর্নীতির অভিযোগ সোনামুখীর ‘গ্রিন সিটি প্রকল্পে’
Major corruption allegations in Sonamukhi's 'Green City Project'

Truth Of Bengal: বাঁকুড়ার সোনামুখী পৌরশহরে ‘গ্রীন সিটি’ মিশন প্রকল্পে চরম দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যাবহার-সহ আরও বেশ কিছু অভিযোগ তুলেছে সাধারণ মানুষ ও বিরোধী দলের কাউন্সিলররা। অভিযোগের সত্যতা মেনেছেন উপপৌরপ্রধান। এই প্রকল্পের কাজ করার জন্য নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত সংস্থার দিকে অভিযোগের আঙ্গুল উঠেছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে সোনামুখীতে প্রায় দু কোটি টাকা ব্যয় করে শুরু হয়েছিল ‘গ্রীন সিটি’ মিশন প্রকল্পের কাজ। সেই অনুযায়ী সোনামুখী শহরের ১৫ টি ওয়ার্ডের প্রত্যেকটা রাস্তায় পথবাতি বসানোর কাজ শুরু হয়। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে একটি সংস্থার হাতে এই কাজের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছিলো। আর সেই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়েই ব্যাপক দুর্নীতির খবর সামনে এসেছে।
অভিযোগ উঠেছে পথবাতির স্টিলের পোল গুলি যেখানে ১৩৩ কেজি হওয়ার কথা রয়েছে টেন্ডারে সেখানে ওজন করে দেখা যাচ্ছে এক একটি পলের কোনটার ওজন ৭০ কেজি আবার কোনোটার ওজন ৭৫ কেজি। পোল গুলি বানাতে যে পরিমাণ গর্ত করে ফউন্ডেশন করার কথা ছিলো , সেখানেও ব্যাপক গড়মিল লক্ষ করা গেছে। টেন্ডারে উল্লেখ থেকলেও পোলের নিচে বানানো হয়নি বাসমেন্ট। প্রকল্পের কাজে এই রকম নানাবিধ বেনিয়মের কারণে বেশ কিছু শাসক দলের কাউন্সিলর এবং পৌর বোর্ডের বিরোধী দলনেতা এবং পৌরসভার সাধারণ মানুষ এই কাজ আটকে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে একটি চিঠি পাঠায় ১১ নম্বর ওয়ার্ডের বিরোধী কাউন্সিলর।
মাসখানেক আগে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই কাজের জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিধায়কের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায়। আজ যখন এই কাজ বাস্তবায়ন হতে যাচ্ছে ঠিক তখনই গরমিলের অভিযোগ তুলে সরব কাউন্সিলররা। আটকে দেওয়া হয়েছে কাজ।
এই কাজে ব্যাপক গরমিলের কথা স্বীকার করে নিয়েছে সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জী। তিনি জানিয়েছেন, এই দুর্নীতির সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। প্রকল্পের কাজের জন্য বরাত পাওয়া এজেন্সির কাছে বেনিয়ম সম্পর্কে জানতে চাওয়া হলে বিশেষ কোন সদুত্তর পাওয়া যায়নি।
এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। তিনি বলেন, “এখানে দুর্নীতি হচ্ছে আমি আগেই ফেসবুকে পোস্ট করে বলেছিলাম। তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। তাই সোনামুখীর মানুষকে বলবো যেখানে তৃণমূলের দুর্নীতি দেখবেন সেখানে প্রতিবাদ করুন।“






