পত্রশিল্পীর অপরূপ শিল্পকর্মে মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি
From Chief Minister to President in a unique piece of art by a leaf artist
Truth Of Bengal: রাজীব নন্দী, পূর্ব মেদিনীপুর: গাছের পাতা কেটে অসাধারণ শিল্পকলা। শিল্পী সঞ্জয় পরিয়ার সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনি। তাঁর কাজ রাজ্য সহ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। গাছের পাতাকে বিভিন্ন পদ্ধতি মেনে সংরক্ষণ করে তার ওপর বিভিন্ন মানুষের প্রতিকৃতি ফুটিয়ে তুলছেন তিনি। বাড়িতে রাতে এই কাজ করেন তিনি। সারাদিন টিউশন বা অন্যান্য কাজের পর তিনি এমন অপরূপ শিল্পকলা ফুটিয়ে তোলেন রাতে। আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। এখন তিনি থাকেন পূর্ব মেদিনীপুরের এগরায়।
সামনে দাঁড়িয়ে থাকলে, খুব অল্প সময়ে তিনি বানিয়ে দেবেন আপনার প্রতিকৃতি। শুধু তাই নয়, দেশের রাষ্ট্রপতি থেকে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন সবুজ পাতায়। পেশাগত তালিম না থাকার সত্বেও শিল্পে অভিনবত্ব এবং সঞ্জয়ের নিখুঁত হাতের কাজ অবাক করেছে সকলকে। গাছের পাতা কেটে অনন্য শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন প্রত্যন্ত গ্রামের এক গৃহ শিক্ষক। গ্রামে জন্ম, গ্রামে বড় হয়ে ওঠা। ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা লাভ। ছোট থেকেই নিত্যনতুন হাতের কাজ ও ছবি আঁকার প্রতি ঝোঁক। করোনাকালে শুরু পত্র প্রতিকৃতি তৈরির কাজ।
এখনও পর্যন্ত প্রায় হাজারেরও বেশি প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন পাতা কেটে। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকী বেশকিছু বিখ্যাত মানুষের প্রতিকৃতি তৈরি করেছেন তিনি। শুধু তাই নয়, বেশি সংখ্যক বিভিন্ন মানুষের ছবি পাতা কেটে ফুটিয়ে তোলার জন্য মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস এর স্বীকৃতি। পেশাগত ভাবে তিনি একজন গৃহশিক্ষক। গৃহ শিক্ষকতা করেই চলে তার সংসার। তাঁর অসাধারণ শিল্পকলায় প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন প্রান্তে।
পাতা কেটে এত সংখ্যক প্রতিকৃতি শুধুমাত্র জেলায় নয়, রাজ্যে নজির সৃষ্টি করেছেন সঞ্জয়। গাছের পাতাকে বিভিন্ন পদ্ধতি মেনে সংরক্ষণ করে তার ওপর বিভিন্ন মানুষের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে হয়। যা বেশ কঠিন একটি কাজ। তবে নিজের দক্ষতায় আজ তিনি হয়ে উঠতে পেরেছে দক্ষ শিল্পী। তাঁর সুনাম ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। গাছের পাতায় শিল্পকর্ম ফুটিয়ে তুলতে তুলতে সঞ্জয় আজ হয়ে উঠেছেন পত্রশিল্পীর ছবির ফেরিওয়ালা। ভালবাসার এই স্বকীয় শিল্পকলা তাঁকে আজ নতুন দিশা দেখিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছবি তৈরি করার বায়না পান তিনি। অনলাইন মাধ্যমে সেই ছবি তিনি প্রত্যেকের কাছে পৌঁছে দেন সামান্য অর্থের বিনিময়ে। এই ভাবে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে তাঁর শিল্পকর্ম। ছড়িয়ে পড়ছে নাম।





