রাজ্যের খবর

১৫ বছর ধরে বন্ধ সরকারি গ্রন্থাগার, সরব এলাকাবাসী

Government library closed for 15 years, locals are vocal

Truth Of Bengal: দীর্ঘ ১৫ বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি গ্রন্থাগার। নদীয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরী সরস্বতী এস.এসি পাঠাগার বর্তমানে জঞ্জালে ভরা। ভেতরে রয়েছে সাপের বাসা। ভেঙে পড়ে রয়েছে লাইব্রেরির বেশ কিছু অংশ। ফলে ভেতরে পরে থেকে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার বই। পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষক থেকে শিক্ষার্থীরা।

ভোট আসে ভোট যায়। কিন্তু প্রতিশ্রুতি থাকলেও লাইব্রেরীর উন্নতি সাধন বা কোনরকম চেষ্টা করে না প্রশাসন। এমনটাই অভিযোগ, একশ্রেণীর শিক্ষিত ব্যক্তিত্বের। এদিন শিক্ষক শিক্ষার্থীরা সকলে একত্রিত হয়ে সরব হয় লাইব্রেরিটি নবনির্মিত করে খোলার জন্য।

প্রশাসনিক গাফিলতির কারণেই আজ ১৫ বছর বন্ধ হয়ে রয়েছে এই সরকারি লাইব্রেরী। এছাড়াও দ্রুত লাইব্রেরী না খুললে বৃহত্তর আন্দোলনের ডাকও দেন এলাকাবাসী।

যদিও বর্তমানে লাইব্রেরীর এই অচলাবস্থা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। লাইব্রেরীর এই অচলাবস্থা নিয়ে রাজ্য সরকার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকে দায়ী করেছে হরিপুর অঞ্চলের বিজেপির বিরোধী দলনেতা নিজেও।

তবে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি, গ্রাম পঞ্চায়েত প্রধানের। তিনি জানান, ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে। এরপর অতি দ্রুত লাইব্রেরীর কাজ শুরু হবে এবং ছাত্র-ছাত্রীরা সেখানে পড়াশোনা করতে পারবেন। এখন দেখার দীর্ঘ ১৫ বছর পড়ে থাকা লাইব্রেরী আদেও কি এলাকার ছাত্রছাত্রীদের জন্য আবার নতুন করে চালু হবে, নাকি শাসকবিরোধী তরজাতে আটকে থাকবে উন্নতি সাধনের কাজ।

Related Articles