রাজ্যের খবর

মালদায় প্যারামেডিক্যাল ছাত্রের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Paramedical student's mysterious death in Malda, police investigating

Truth Of Bengal: Saif Khan: মালদার হরিশ্চন্দ্রপুরের বালুভরট গ্রামে প্যারামেডিক্যাল ছাত্র মুজাহিদ আলমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার সকালে পুকুর পাহারা দিতে গিয়ে মুজাহিদ নামের ওই ছাত্র জলে ডুবে মারা যান বলে জানা গেছে।

২২ বছর বয়সী মুজাহিদ কলকাতার একটি বেসরকারি কলেজে প্যারামেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি নন্দীবাটি এলাকার মাঝিপুকুরে মাছ চাষের কাজে লাগানো পুকুর পাহারা দিতে যান। শনিবার সকালে বাড়ি ফিরে না আসলে তাঁর বাবা মহম্মদ হানিফ উদ্বিগ্ন হয়ে পুকুরের দিকে যান। সেখানে গিয়ে তিনি দেখেন মুজাহিদের দেহ পুকুরে ভাসছে।

খবরটি ছড়িয়ে পড়লে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা দেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। প্রথমে পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যেতে গেলে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দেহটি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

তবে মুজাহিদের মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ রয়েছে। পরিবারের লোকজন ও স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, তাঁকে হয়তো হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

Related Articles