অনশনরত ডাক্তারদের চিকিৎসার রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের
The health department has called for the medical reports of the doctors on hunger strike

Truth of Bengal: অনশনরত ডাক্তারদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। মেডিক্যাল কলেজগুলির কাছে সেই নির্দেশ পৌঁছে গিয়েছে। চিকিৎসায় বোর্ড তৈরি করতে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে প্রতিদিন দু’বার করে চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট দিতে হবে স্বাস্থ্য দফতরে। নির্দেশে বলা হয়েছে, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও সুপাররা ব্যক্তিগত ভাবে তাদের চিকিৎসার ওপর নজরদারি করবেন।
অনশনের ১৪তম দিনেও নিজেদের সিদ্ধান্তে অনড় জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ডে সুবিচার-সহ ১০ দফা দাবিতে আমরণ অনশন চালাচ্ছেন ৮ জুনিয়র চিকিৎসক। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। বাকিদের শারীরিক অবস্থারও ধীরে ধীরে অবনতি হচ্ছে। এবার তাঁদের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম।
গত ৫ অক্টোবর থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আবার নতুন করে অনেকে যোগ দিয়েছেন অনশনে। পুজোর মাঝেও আন্দোলনের ঝাঁজ বজায় ছিল। রেড রোডে পুজো কার্নিভ্যালের মাঝে দ্রোহের কার্নিভ্যাল করেছিলেন প্রতিবাদীরা। এদিকে যখন এই আন্দোলন চলছে, তখন জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আরও একটি পদক্ষেপ করে সরকার। চিকিৎসকদের ১০ দফা দাবির অন্যতম ছিল কেন্দ্রীয় ভাবে রোগী রেফারেল সিস্টেম চালু করা। পরীক্ষামূলকভাবে কেন্দ্রীয় রেফারেল পদ্ধতি চালু করেছে স্বাস্থ্য ভবন।
১০ দফা দাবির প্রায় সব পূরণ হয়ে গেলেও অনশন জারি আছে। যেখানে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে বিভিন্ন মহল থেকে অনুরোধ আসছে অনশন প্রত্যাহার করে কাজে ফেরার। সিনিয়র ডাক্তারদের তরফেও সেই বার্তা দেওয়া হচ্ছে। আবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকেও অনশন চালিয়ে যাওয়া নিয়ে দ্বিমত দেখে দিচ্ছে।একপক্ষ অনড়। আবার অন্যপক্ষ চাইছে অনশন প্রত্যাহার করে অন্য ভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হোক।






