Truth Of Bengal: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপুজো উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।(Dr. Muhammad Yunus) রবিবার দিবাগত রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
মুহাম্মদইউনূস (Dr. Muhammad Yunus) বলেন, দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি জাতীয় ঐক্য ও সম্প্রীতির প্রতীক। সনাতন ধর্মমতে, দশভুজা দুর্গার কাঠামোতেই দেশ ও জাতির সব ধরনের ঐক্য এবং সংহতির প্রতিচ্ছবি রয়েছে। লক্ষ্মীর ধন, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব, গণেশের সাফল্য এবং মা দুর্গার অসীম শক্তি—এই সমস্ত কিছু একত্রে আমাদের বলে দেয়, জাতি হিসেবে ঐক্যবদ্ধ হলে কোনো অশুভ শক্তি আমাদের হারাতে পারবে না।
তিনি বলেন, দুর্গাপুজোকে ঘিরে এবছরও সরকারি ছুটি দুই দিন রাখা হয়েছে এবং সাপ্তাহিক ছুটি মিলে চারদিন ছুটি পাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে করে তাঁরা পরিবার ও পরিজনদের সঙ্গে আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও জানান, পূজা উপলক্ষে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনসহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার—সব বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে, যাতে একটি সুশৃঙ্খল, সুন্দর ও শান্তিপূর্ণ দুর্গাপুজো উদযাপিত হয়।(Dr. Muhammad Yunus)
যাঁরা উৎসবের মধ্যেও রাতদিন পরিশ্রম করে দেশবাসীর নিরাপত্তা ও সেবায় নিয়োজিত আছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “আমি জাতির পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তিনি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের কারণে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও তাঁর শুভকামনা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রয়েছে।
বার্তার শেষভাগে তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশের যাত্রা শুরু করেছি, তা সফল করতে হলে ধর্ম-বর্ণ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অশুভ শক্তিকে পরাজিত করে ঐক্য ও সম্প্রীতির জয় হোক—এই প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে।”






