রাজ্যের খবর

অবশেষে স্বস্তি ভোটার তালিকায় নাম ফিরল জাকির হোসেন ও বাইরন বিশ্বাসের

কত ভোটারের নাম বাদ পড়েছে তা এখনও সম্পূর্ণ জানা যায়নি

Truth Of Bengal: অবশেষে আসন্ন বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অনিশ্চয়তা দূর হলো জঙ্গিপুর ও সাগরদিঘি কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জাকির হোসেন এবং বাইরন বিশ্বাসের।

সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনার তরফ থেকে ভোটার তালিকার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে জাকির হোসেন ও বাইরন বিশ্বাস–দু’জনেরই নাম রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রথম দফায় যে ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে জাকির হোসেন, বাইরন বিশ্বাস এবং জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের নাম ছিল না। তাঁদের নামের পাশে ‘বিবেচনাধীন’ বলে উল্লেখ ছিল। এ বছর আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল আব্দুর রাজ্জাককে প্রার্থী করেনি। কিন্তু জাকির হোসেন এবং বাইরন বিশ্বাসকে ফের পুরনো দুই বিধানসভা কেন্দ্র জঙ্গিপুর এবং সাগরদিঘি থেকে শাসক দল প্রার্থী করেছে।

এই অবস্থায় ভোটার তালিকায় জাকির ও বাইরনের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থাকায় ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে একটা অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছিল। কারণ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় ভোটার তালিকায় নাম না থাকলে তৃণমূলের ওই দুই প্রার্থী নির্বাচনে লড়তে পারতেন না।

জাতীয় নির্বাচন কমিশন গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে যে ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে মুর্শিদাবাদ জেলায় ১১ লক্ষের বেশি ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল।

প্রসঙ্গত, সোমবার রাতে নির্বাচন কমিশনার তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কত ভোটারের নাম বাদ পড়েছে তা এখনও সম্পূর্ণ জানা যায়নি। তালিকা প্রকাশের পর প্রযুক্তিগত সমস্যার জন্য মঙ্গলবার সকাল পর্যন্ত বেশিরভাগ বুথের অতিরিক্ত তালিকা ডাউনলোড করা যাচ্ছে না। এমনকি ‘এপিক’ নম্বর দিয়েও অনেক ভোটার নাম দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস বলেন, ‘বিজেপি চক্রান্ত করে সার-এর মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। আমার নামও প্রথম ভোটার তালিকায় ছিল না। তবে সাপ্লিমেন্টারি তালিকায় আমার নাম ভোটার তালিকায় উঠেছে।’

জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন বলেন, ‘বৈধ ভোটার হিসেবে আমার নিজের ক্ষেত্রে কোনও সংশয় ছিল না। একই ভাবে আমার বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে যাঁদের নাম বিবেচনাধীন রয়েছে, তাঁরাও বৈধ। কারও নাম বাদ যাওয়ার কথা নয়। আমার বিশ্বাস আগামী দিন ওই বিবেচনাধীন নামগুলো বাদ যাবে এবং ভোটার তালিকায় বৈধ ভোটার হিসেবে নাম উঠবে।’

Related Articles