শুরু হতে যাচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন, উঠে আসবে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি?
The winter session of the Legislative Assembly is about to begin, what important issues will come up?
Truth Of Bengal: খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। সূত্রের খবর, এই অধিবেশন আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে, যেখানে আবাস যোজনা ও ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলেছে। এবারের অধিবেশনে এই দুই প্রকল্পের জন্য একটি ইতিবাচক প্রস্তাব পেশ করার পরিকল্পনা রয়েছে, যা রাজ্য সরকারের অবস্থানকে শক্তিশালী করবে।
এটি হবে আরজি কর আন্দোলনের পর প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন। ধর্ষণের দ্রুত বিচার ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ইতিমধ্যেই পাশ হওয়া অপরাজিতা বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে এখনও সই হয়ে আসেনি। শীতকালীন অধিবেশনে এই বিল নিয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বলতা নিয়ে আরজি কর আন্দোলনের সময় উঠেছিল ব্যাপক আলোচনা। বিরোধী দল বিজেপি এই বিষয়কে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে পারে।
সবমিলিয়ে শীতকালীন বিধানসভা অধিবেশন শাসক-বিরোধী দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। আবাস যোজনা, ১০০ দিনের কাজ প্রকল্পসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে, তবে এখনও শাসক ও বিরোধী পক্ষ তাদের আলোচনার সঠিক দিক নির্দেশনা স্পষ্ট করেনি।






