পরিবেশ রক্ষার স্বীকৃতি পেলেন শেখ মাবুদ আলি
Sheikh Mabud Ali receives recognition for environmental protection

Truth Of Bengal: পরিবেশ রক্ষায় দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সবুজ সৈনিক শেখ মাবুদ আলিকে আন্তর্জাতিক ‘হেমপ্রভা শিল্প-সাহিত্য-সংস্কৃতি সম্মাননা– ২০২৪’ প্রদান করল বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ। সমাজসেবা বিভাগে এই বিশেষ সম্মাননায় তাঁকে মানপত্র, স্মারক এবং সাম্মানিক প্রদান করা হয়।
সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড প্রতি বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ২০,০০০-এরও বেশি গাছ রোপণ করে। বিশেষ করে বিলুপ্তপ্রায় গাছ সংরক্ষণে তাদের উদ্যোগ প্রশংসনীয়। সম্প্রতি ডানকুনিতে ৪০টি লাল চন্দন গাছ রোপণ করা হয় এবং সেই গাছগুলির রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় ক্লাবের সহযোগিতায় বিশেষ ব্যবস্থা নিয়েছেন শেখ মাবুদ আলি।
শেখ মাবুদ আলী বলেন, ‘এই পুরস্কার শুধু আমার একার নয়, সবার। পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমি আশা করি, ভবিষ্যতে আরও অনেকে এই কাজে এগিয়ে আসবেন।’ পরিবেশ সংরক্ষণে তাঁর এই নিরলস প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মাবুদ আলি ছাড়াও ‘হেমপ্রভা শিল্প-সাহিত্য-সংস্কৃতি সম্মাননা- ২০২৪’ পেয়েছেন কথা সাহিত্যে পার্থ ভট্টাচার্য (ভারত), কবিতায় ক্রিশ্চিয়ান রোমেরো দিয়াজ (চিলি) ও সন্তোষ কুমার পোখারেল (নেপাল), এবং সঙ্গীতে শ্রীমতি সুকৃতি লাটু (ভারত)। গত রবিবার, কলকাতার বজবজে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক দীপক বন্দ্যোপাধ্যায়, সভাপতি বিমলেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট কবি ও লেখক সুধাংশুরঞ্জন সাহা, রেখা রায়, নমিতা দাশ, প্রদীপ গুপ্ত, সুবীর রঞ্জন দত্ত প্রমুখ।



