রাজ্যের খবর

“আমরা তো রাষ্ট্রবাদী!” এবার নীল-সাদা অতীত, বাংলার রাস্তায় নামছে গেরুয়া রঙের সরকারি বাস

পরিবর্তনের ছোঁয়া পড়তে চলেছে সরকারি বাসেও

Truth of Bengal: এবার বাংলার রাস্তায় ছুটবে গেরুয়া রঙের সরকারি বাস! রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। ইতিমধ্যেই কলকাতার একাধিক জায়গায় নীল-সাদা রঙের পরিবর্তে গেরুয়া রঙের ব্যবহার শুরু হয়েছে। এবার সেই পরিবর্তনের ছোঁয়া পড়তে চলেছে সরকারি বাসেও। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়ে দিলেন, নতুন সরকারি বাসগুলির রং হবে গেরুয়া। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারি বাসের নতুন রং নিয়ে মুখ খোলেন পরিবহণমন্ত্রী। অর্জুন সিং বলেন, “গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা তো রাষ্ট্রবাদী। তাই নতুন সরকারি বাসগুলো গেরুয়া রং করা হবে।” তাঁর এই ঘোষণার পরই রাজ্যের পরিবহণ ব্যবস্থায় নতুন রঙের অধ্যায় শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

বাংলার সরকারি বাসের রং অবশ্য আগেও রাজনৈতিক পালাবদলের সঙ্গে বদলেছে। দীর্ঘ ৩৪ বছরের বাম আমলে কলকাতা থেকে শুরু করে রাজ্যের দূরপাল্লার সরকারি বাসগুলির পরিচিত রং ছিল লাল। ২০১১ সালে বাম সরকারের পতনের পর রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ধীরে ধীরে সরকারি পরিকাঠামোয় নীল-সাদা রঙের ব্যবহার বাড়তে থাকে। রাস্তার রেলিং, সরকারি ভবন থেকে শুরু করে সরকারি বাস—সর্বত্রই দেখা যায় নীল-সাদার আধিপত্য। এবার তৃণমূলকে হারিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ফের বদল আসছে সেই পরিচিত ছবিতে। তৃণমূল আমলের একাধিক সিদ্ধান্তে পরিবর্তনের পাশাপাশি এবার সরকারি বাসের রং বদলের সিদ্ধান্তও সামনে এল। গত কয়েকদিন ধরেই এই নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা চলছিল। মঙ্গলবার পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের মন্তব্যে সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল।

মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আগামী দিনে যে সমস্ত নতুন সরকারি বাস রাস্তায় নামবে, সেগুলি গেরুয়া রঙে সাজানো হবে। তবে বর্তমানে রাস্তায় চলা পুরনো নীল-সাদা বাসগুলির রংও বদলে গেরুয়া করা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি তিনি। ফলে নতুন বাসের পাশাপাশি পুরনো বাসের রং বদল নিয়েও শুরু হয়েছে নতুন চর্চা।

Related Articles