ভোট বনাম রূপশ্রী: কমিশনের নিয়মে থমকাল সরকারি সাহায্য
অনিশ্চয়তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে বহু কনেপক্ষের
Truth Of Bengal: নির্বাচন কমিশনের বিধিনিষেধের জেরে রাজ্যজুড়ে থমকে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের রূপশ্রী প্রকল্পের টাকা। আগামী ২৬ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে যার সরাসরি প্রভাব পড়েছে এই জনকল্যাণমূলক প্রকল্পের ওপর। নিয়ম অনুযায়ী ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর পুরনো প্রকল্প চালু থাকলেও নতুন করে কোনও উপভোক্তাকে আর্থিক সুবিধা দেওয়া যায় না। এর ফলে চরম সঙ্কটে পড়েছেন সেই সব পরিবার যাদের ঘরে চলতি এপ্রিল মাস বা মে মাসের শুরুতে বিয়ের সানাই বাজার কথা।
রূপশ্রী প্রকল্পের নিয়ম অনুযায়ী আঠারো বছর বা তার বেশি বয়সী মেয়ের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেয় রাজ্য সরকার। এই সুবিধা পেতে বিয়ের অন্তত এক মাস আগে ব্লক বা পুরসভায় আবেদন করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভাঙড়, সোনারপুর, ক্যানিং বা রাজারহাটের মতো ব্লকের প্রশাসনিক দফতরগুলি সাফ জানিয়ে দিচ্ছে যে কমিশনের নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত কোনও আবেদন গ্রহণ বা টাকা ছাড়া সম্ভব নয়। অনেক বাবা-মা মেয়ের বিয়ের কার্ড নিয়ে ব্লকে হন্যে হয়ে ঘুরলেও খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁদের।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্নবিত্ত পরিবারগুলি কারণ বিয়ের বাজেটের একটি বড় অংশ এই অনুদানের ওপর নির্ভরশীল ছিল। অনেক ক্ষেত্রে বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ায় তা পেছানোও সম্ভব নয় আবার বিয়ের পর আবেদন করলে এই টাকা পাওয়ার নিয়ম নেই। জেলা প্রশাসনের কর্তারা জানাচ্ছেন যে প্রতি নির্বাচনের সময় এই ধরণের সমস্যা তৈরি হয় এবং নতুন করে টাকা ছাড়তে গেলে নির্বাচন কমিশনের বিশেষ অনুমতির প্রয়োজন হয় যা এখনও মেলেনি। ফলে ২৫ হাজার টাকার অনিশ্চয়তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে বহু কনেপক্ষের।






