‘বাংলার দিকে তাকালে মুছে যাবে পাকিস্তান!’, মমতার প্রশ্নের মুখে পড়তেই হুঙ্কার রাজনাথের
কলকাতায় ঢুকে হামলার হুমকি পাক মন্ত্রীর! চুপ থাকতে পারলেন না রাজনাথ, ব্যারাকপুর থেকে দিলেন পাল্টা ‘সার্জিক্যাল’ বার্তা।
Truth of Bengal: কলকাতা ওড়ানোর পাক-হুমকি ঘিরে তপ্ত জাতীয় রাজনীতি। গত রবিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সরাসরি কলকাতাকে নিশানা করার যে হুঁশিয়ারি দিয়েছিলেন, তা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে সেই চাপের মুখে দাঁড়িয়েই মঙ্গলবার পাল্টা তোপ দাগলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্যারাকপুরে দাঁড়িয়ে পাকিস্তানকে একাত্তরের যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।
ব্যারাকপুরের রাজনৈতিক মঞ্চ থেকে রাজনাথ সিং বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যে বার্তা দিয়েছেন, তার পাল্টায় শুধু এইটুকুই বলব, ৫৫ বছর আগের ঘটনা ওদের ভুলে যাওয়া উচিত নয়। ১৯৭১ সালে ওঁরা একবার বাংলার দিকে নজর দিয়েছিল, যার ফলে পাকিস্তান দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এবার যদি ওঁরা বাংলার দিকে তাকানোর দুঃসাহস দেখায়, তবে ওদের কী দশা হবে, তা ভবিষ্যতে লেখা রয়েছে। এবার পাকিস্তান ক’টুকরো হবে, তা একমাত্র ঈশ্বরই জানেন।”
উল্লেখ্য, গত রবিবার পাকিস্তানের শিয়ালকোটে দাঁড়িয়ে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছিলেন, ভারত যদি কোনও অভিযান চালায় তবে সেই সংঘাত কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে। তাঁর এই আগ্রাসী মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয় বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, প্রধানমন্ত্রী মোদি নিজে বাংলায় প্রচারে এসেও কেন এই জাতীয় নিরাপত্তার ইস্যুতে চুপ করে থাকলেন? তিনি বলেছিলেন, “পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বললেন কী করে? আমরা কলকাতাকে আক্রমণের কথা বললে মানব না। মোদীজি কেন পালটা হুঁশিয়ারি দিলেন না? এর তদন্ত চাই।”
মুখ্যমন্ত্রীর এই ধারাবাহিক আক্রমণের পরই আসরে নামলেন রাজনাথ সিং। তিনি স্পষ্ট করে দেন, ভারতীয় ভূখণ্ডে হামলার চিন্তা করলে পাকিস্তানের মানচিত্র থেকে অস্তিত্ব মুছে যাওয়ার উপক্রম হবে। ব্যারাকপুরের এই পাল্টা চ্যালেঞ্জের পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে যে, লোকসভা ভোটের আবহে এবার জাতীয়তাবাদ ও বাংলার নিরাপত্তা ইস্যুকে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির।





