রাজ্যের খবর

এবার পুকুর জবরদখলের অভিযোগ! নতুন বিতর্কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

পুলিশের দাবি, অবৈধভাবে দখল করে ওই পুকুরে মাছ চাষ করা হচ্ছিল

Truth of Bengal: নতুন বিতর্কে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার তাঁর বিরুদ্ধে পুকুর জবরদখলের অভিযোগ উঠল। অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, অবৈধভাবে দখল করে ওই পুকুরে মাছ চাষ করা হচ্ছিল। সেই পুকুরের মাছ ধরে গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হুমায়ুন। হুমায়ুন কবীরের দাবি, পুকুরটি তিনি লিজ নিয়েছিলেন এবং এখনও সেই লিজের মেয়াদ শেষ হয়নি। তাঁর বক্তব্য, ওই পুকুরে নিয়ম মেনেই মাছ চাষ করা হচ্ছিল। কিন্তু পুলিশ গিয়ে পুকুর থেকে ধরা প্রায় ১ লক্ষ টাকার মাছ গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিয়েছে।

বিধায়কের অভিযোগ, মঙ্গলবার ভোরে তাঁর লিজ নেওয়া পুকুরে জেলেরা মাছ ধরছিলেন। সেই সময় শক্তিপুর থানার ওসি অতনু দাস বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় পৌঁছন। এরপর জেলেদের ধরা মাছ কেড়ে নিয়ে তা স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিলি করে দেওয়া হয় বলে দাবি করেন হুমায়ুন। হুমায়ুন কবীর জানান, পুকুরটির লিজের মেয়াদ ২০৩২-৩৩ সাল পর্যন্ত রয়েছে। সেই কারণেই সেখানে মাছ চাষ করা হচ্ছিল। গত সাতদিন ধরেই ওই পুকুর থেকে মাছ ধরা চলছিল। কিন্তু এদিন হঠাৎ পুলিশ গিয়ে প্রায় ১ লক্ষ টাকার মাছ বিলিয়ে দেয় বলে অভিযোগ তাঁর।

অন্যদিকে পুলিশের দাবি, ওই পুকুরের লিজের সময়সীমা আগেই শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও হুমায়ুন কবীর অবৈধভাবে পুকুরটি দখলে রেখে মাছ চাষ করছিলেন। সেই কারণেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান চালানো হয়। পরে পুকুর থেকে ধরা মাছ গ্রামবাসীদের মধ্যে বিলি করা হয়। পুলিশের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, আইন মেনে লিজ নেওয়া পুকুরে মাছ চাষ করলেও পুলিশ অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছে। শক্তিপুর থানার ওসির নেতৃত্বে এই কাজ হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

Related Articles