রাজ্যের খবর

খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তে চোলাই অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, ধৃত ১

Police attacked during raid on Bengal-Bihar border in Kharibari

Truth Of Bengal: রাজ্যের পুলিশ প্রশাসন সর্বদাই চোলাই এর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেই মতো গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের বাংলা-বিহার সিমান্তে ডাঙ্গুজোতে চোলাই এর বিরুদ্ধে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ।

সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে মদ্যপরা। এই ঘটনায় আহত হন খড়িবাড়ি থানার এক এএসআই। এরপর তড়িঘড়ি ওই পুলিশকর্মীকে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অপরদিকে এই ঘটনার পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় ১০ থেকে ১২ জন।

তবে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম সুনীল মাহাতো। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর ধৃতকে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরো কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।

ইতিমধ্যেই,গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। এর পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাবেন তাঁরা। কাউকে রেয়াত করা হবে না।

Related Articles