“ধর্মের কল বাতাসে নড়ে”, রামনবমীতে কমিশন-বিজেপিকে বিঁধে হুঙ্কার মমতার
দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Truthof Bengal: ভোটের মুখে এসআইআরের (SIR) সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে ক্রমেই বাড়ছে বিতর্ক ও উদ্বেগ। বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার রাতে প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আর তার আগেই দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করে বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম।” তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশের নির্দেশ দিলেও এখনও পর্যন্ত প্রথম সাপ্লিমেন্টারি তালিকাই হাতে পাননি তাঁরা, এমনকি তা জনসমক্ষে আনা হয়নি। তাঁর কথায়, “এটা গণতন্ত্রের হত্যা, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।”
মমতার দাবি, বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, সুতির একটি ব্লক ও বসিরহাটের একটি বুথে নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “কারা এই কাজ করছে? কেন করছে? মানুষের সামনে সব তথ্য প্রকাশ করা হোক। বুকের পাটা থাকলে জানাতে হবে কার নাম আছে, কার নেই।”
জেলায় জেলায় ট্রাইবুনাল গঠনের প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী, যাতে সাধারণ মানুষ আইনি সহায়তা পেতে পারেন। একইসঙ্গে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, “এটা যেন সুপার হিটলারের শাসন!” বিজেপিকেও আক্রমণ করে তাঁর মন্তব্য, “বিজেপি গণতন্ত্রকে ভ্যানিশ করে দিয়েছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। বাংলার মানুষ এর জবাব দেবে।”
এদিন গ্যাস সংকট নিয়েও কেন্দ্রকে একহাত নেন মমতা। তিনি বলেন, “গ্যাসের দাম আগে কমানো হোক। সাধারণ মানুষ যেন কোনও সমস্যায় না পড়ে। হলদিয়ায় উৎপাদিত গ্যাস বাইরে না গিয়ে বাংলার মানুষের কাজে লাগুক, সেটাই চাই।” ভোটের দায়িত্বে থাকা কর্মীদের জন্য গ্যাস সরবরাহের বিষয়েও সতর্কবার্তা দেন তিনি, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। প্রয়োজনে রেশনের মাধ্যমে কেরোসিন দেওয়ার কথাও জানান।
অন্যদিকে, একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকের দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। বাংলা-সহ পাঁচটি ভোটমুখী রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে এই বৈঠকে গ্যাস সংকট ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।






