রাজ্যের খবর

বীরভূমে পর্যাপ্ত জলের অভাবে মার খাচ্ছে পদ্ম চাষ, সমস্যায় চাষীরা

Lotus cultivation in Birbhum is suffering due to lack of sufficient water, farmers are in trouble

The Truth of Bengal: মাঝেমধ্যে বৃষ্টি হলেও পুকুরে পর্যাপ্ত জল নেই। যেটুকু জল আছে তাও আবার চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। জলাশয়ে জল সেভাবে নেই। তাই রুখাসুখা বীরভূমে জলের অভাবে মার খাচ্ছে পদ্মচাষ। যাঁরা পদ্মচাষ করে জীবন  চালান তাঁরা জলের অভাবে সমস্যায় পড়ছেন।

পদ্ম চাষের জন্য যে জল লাগে তা পাচ্ছেন না কৃষকরা। কারণ একদিকে পর্যাপ্ত বৃষ্টি নেই, আর অন্যদিকে পুকুরের জল চলে যাচ্ছে সেচের কাজে। ফলে পুকুরে জল মিলছে না। ভাদ্রমাসে রয়েছে মনসা পুজো। তাই মনসা পুজোর আগে পদ্মের ফলন যাঁরা বাড়াতে চাইছেন,তাঁরা মহাফাঁপরে পড়েছেন। কিভাবে ফুল চাষ বাড়বে তাই নিয়ে চিন্তায় পড়েছেন পদ্মচাষিরা। গ্রাম থেকে অর্ডার এলে তা পূরণ করার জন্য পদ্ম চাষিরা প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু বাদ সাধছে আবহাওয়ার খামখেয়ালিপনা।পুকুরে জল কমে যাওয়ায় পদ্মের শিকড় দুর্বল হচ্ছে।

পাঁচটা পুকুরে লাগানো হয়েছে প্রায় 40 হাজার টাকার পদ্ম গাছ। কিন্তু জলের অভাবে সেই সমস্ত পদ্ম গাছগুলি মারা যাচ্ছে। নষ্ট হচ্ছে প্রচুর পদ্ম ফুল। সেই রকম দাম পাচ্ছেন না কৃষকরা। বিক্রি করতে গেলে এক টাকা দু টাকা দামে বিক্রি করতে হচ্ছে মূল্যবান পদ্ম। এই পরিস্থিতি চলতে থাকলে হু হু করে দাম বাড়বে পুজোর সময়। পথের ধারের পুকুর গুলিতে জল না থাকার জন্য পদ্ম চাষ সেভাবে নাও হতে পারে বলে আশঙ্কা। দুর্গাপুজোর সময় এই পদ্মের চাষ বাড়াতে চান তাঁরা। কারণ সেসময় মণ্ডপে মণ্ডপে লাগে ১০৮পদ্ম। কিন্তু একটাই বাধা পর্যাপ্ত জল পুকুরে না থাকার কারণে। তাই বৃষ্টি হলে পদ্মচাষের সুদিন ফিরবে বলে মনে করছেন রুখাসুখা বীরভূমের মানুষ।

Related Articles