আসানসোলে বামেদের শক্তি প্রদর্শন: বর্ণাঢ্য মিছিলে মনোনয়নপত্র জমা দিলেন পাঁচ প্রার্থী
বামেদের এই বিশাল মিছিল সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে
Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম শিল্পাঞ্চল আসানসোল। বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বামফ্রন্ট ও তাদের সহযোগী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়। এদিন এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে আসানসোল জেলা শাসক এবং মহুকুমা শাসক দপ্তরে পৌঁছে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন বামেদের পাঁচ প্রার্থী।
নির্বাচনী লড়াইয়ের ময়দানে বামেদের এই শক্তি প্রদর্শনে প্রার্থীদের সঙ্গে শামিল হয়েছিলেন বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সি.পি.আই প্রার্থী আখিলেস কুমার সিং। অন্যদিকে, আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন শিল্পী চক্রবর্তী। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী মোহাম্মদ সাব্বির হোসেন এবং কুলটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভবানী আচার্য্যও এদিন তাদের মনোনয়নপত্র পেশ করেন।
এদিনের মনোনয়ন প্রক্রিয়ায় বিশেষ উল্লেখযোগ্য ছিল বারাবনি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী বিশ্বজিত বাউরী বাম কর্মীদের সঙ্গে নিয়ে মিছিলে যোগ দেন এবং তার মনোনয়নপত্র জমা দেন।
আসানসোলের রাজপথ জুড়ে বামেদের এই বিশাল মিছিল সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচনী বিধি মেনে এবং শান্তি বজায় রেখে এই প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শিল্পাঞ্চলের এই গুরুত্বপূর্ণ আসনগুলোতে বামেদের এই ঐক্যবদ্ধ প্রয়াস আগামী দিনে ভোটের লড়াইকে কতটা প্রভাবিত করবে, এখন সেটাই দেখার বিষয়।






