কলকাতারাজ্যের খবর

বেলা বাড়তেই উধাও শীত! সরস্বতী পুজোতে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি।

Truth of Bengal: মাঘ এলেও শীত যেন পথ হারিয়েছে। লোকমুখে প্রচলিত প্রবাদে মাঘের ঠান্ডাকে বাঘের গায়ের সঙ্গে তুলনা করা হলেও বাস্তবে কলকাতায় তার ছিটেফোঁটাও টের পাওয়া যাচ্ছে না। মাস শুরু হতে না হতেই শহরের আবহাওয়ায় শীতের দাপট অনেকটাই ফিকে। সকাল-সন্ধ্যায় হালকা ঠান্ডার ছোঁয়া থাকলেও বেলা বাড়তেই রোদের তেজে উষ্ণতার দাপট স্পষ্ট।আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য ঊর্ধ্বমুখী। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, সরস্বতী পুজো পর্যন্ত এই তাপমাত্রার ধারা বজায় থাকবে। এই সময়ে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি।

দিনের শুরুতে এবং সন্ধ্যার পর কিছুটা শীতের অনুভূতি মিললেও দুপুরের দিকে রোদের তেজ ক্রমেই বাড়ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা উপরে উঠতে পারে বলেই পূর্বাভাস। এর ফলে দক্ষিণবঙ্গে শীতের কামড় আরও দুর্বল হতে চলেছে। এই উষ্ণতার নেপথ্যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৪৮ ঘণ্টা ধরে পাঞ্জাব এবং উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। বুধবার দুপুরের পর আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা এই অঞ্চলে প্রবেশ করতে পারে। এই ঝঞ্ঝার জেরেই উত্তর দিক থেকে বয়ে আসা শীতল হাওয়ার গতি অনেকটাই কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলার আবহাওয়ায়। ফলে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল বাদ দিলে রাজ্যের প্রায় সর্বত্রই কনকনে ঠান্ডার আমেজ কার্যত উধাও। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

তবে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে। সেখানে পারদ ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। সকালের দিকে কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার কোনও আশঙ্কা নেই। তবে পার্বত্য এলাকা থেকে সমতল অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

Related Articles