রাজ্যের খবর

‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জের! ২ মামলায় হুমায়ুন কবীরকে থানায় তলব, কী জানালেন বিধায়ক?

গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন কবীর

Truth of Bengal: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির পরই রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পৌঁছল পুলিশ। ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে দায়ের হওয়া দুটি পৃথক মামলায় তাঁকে থানায় হাজিরার নোটিস দেওয়া হয়েছে। একটি মামলায় ৩ জুলাই এবং অন্য মামলায় ৫ জুলাই তাঁকে হাজির হতে বলা হয়েছে। যদিও হুমায়ুনের দাবি, তিনি বাড়িতে নেই, তাই নোটিসের বিষয়টি এখনও জানেন না। নোটিস হাতে পেলে হাজিরা দেবেন কি না, তা ভেবে দেখবেন বলেও জানিয়েছেন তিনি। গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন কবীর। বিজেপি রাজ্যে সরকার গড়লেও মুর্শিদাবাদে কয়েকজন নেতা অতিরিক্ত আস্ফালন দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এরপরই তিনি ‘মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার’ দেওয়ার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়।

শুধু কাশীপুরের সভাই নয়, পরে শক্তিপুরের সভাতেও হুমায়ুন আরও একধাপ এগিয়ে থানাকে ঘিরে অভিযুক্তকে বার করে আনার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। তিনি দাবি করেন, ভোটের আগের দিন তাঁর ভাইপোকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই প্রসঙ্গে ওসি এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়েও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সোমবার বিধানসভায় হুমায়ুনের মন্তব্য নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই ধরনের মন্তব্যের পর “এনাফ ইজ এনাফ।” মুখ্যমন্ত্রীর বক্তব্য, দেশে সংবিধান ও আইনই শেষ কথা বলে, কোনও ব্যক্তির হুঁশিয়ারি নয়। তিনি আরও জানান, ওই দুই ঘটনার ভিত্তিতে দুটি মামলা রুজু হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার সব প্রাসঙ্গিক ধারা প্রয়োগ করা হয়েছে।

শুভেন্দু অধিকারী বিধানসভায় আরও বলেন, তিনি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদে যাবেন এবং পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তাঁর কড়া বার্তার পরই ওই সভার তিন আয়োজককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার সকালে হুমায়ুন কবীরের বাড়িতে যায় পুলিশ এবং দুটি মামলায় হাজিরার নোটিস দেয়। এ প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, তিনি বর্তমানে বাড়িতে নেই। তবে বাড়িতে লোকজন রয়েছেন। নোটিস হাতে পেলে বিষয়টি বুঝে তারপর হাজিরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে তাঁর মন্তব্য, “কারও দাসত্ব করব না।”

Related Articles