রাজ্যের খবর

বন্ধ ঘর থেকে উদ্ধার পচাগলা দেহ, ডানকুনিতে চাঞ্চল্য

এদিন সকালে বাড়ির মালিক রাজু সেনগুপ্ত এসে ভাড়াটিয়ার খোঁজ করলে দেখা মেলেনি।

রাকেশ চক্রবর্তী, হুগলি: হুগলি জেলার ডানকুনি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর ঘটনা। বন্ধ ঘর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে বাড়ির মালিক রাজু সেনগুপ্ত এসে ভাড়াটিয়ার খোঁজ করলে দেখা মেলেনি।

ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। ডানকুনি থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখে বাথরুমে পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম নাভনীত ঝাঁ, বয়স ৩৩, বছর খানেক ভাড়া থাকতেন রাজু সেনগুপ্তের বাড়িতে, টিসিআই কোম্পানিতে চাকরি করতেন। বাড়ি আসানসোলের পূর্ণিয়া তালাও বিসি কলেজ রোড এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেষ তাকে দেখা গিয়েছিল তিন দিন আগে। পুলিশের প্রাথমিক অনুমান দুদিন আগে মৃত্যু হয়েছে নাভনীতের। দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। তবে কিভাবে মৃত্যু জানা যাবে ময়না তদন্তের রিপোর্টের পর। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান প্রকাশ রাহা বলেন, মনে হচ্ছে দু তিন দিন আগে ওই ব্যক্তি মারা গেছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তির বাড়ি আসানসোলে। সেখানে থানার সাথেও যোগাযোগ করছে ডানকুনি থানার পুলিশ । কিন্তু যারা বাড়ি ভাড়া দেন তাদের সচেতন হওয়া উচিত যাদের ভাড়া দিচ্ছেন তাদের আইডেন্টিটি লোকাল থানা এবং কাউন্সিলরের কাছে জমা দিয়ে রাখা উচিত । যাতে এই ধরনের ঘটনা অথবা দুষ্কৃতি মূলক কার্যকলাপের সাথে যুক্ত ব্যক্তিরা বাড়ি ভাড়া নিয়ে থাকতে না পারে।

Related Articles