রাজ্যের খবর

শীতে পিকনিকের জায়গা খুঁজছেন? চলুন ইংরেজদের তৈরি ঐতিহাসিক এই বাংলোতে

প্রকৃতির কোলে স্নিগ্ধ সুন্দর কোন এক জায়গাকে বেছে নিয়ে একদিনের আনন্দ। এ বছরও তেমন পরিকল্পনা করছেন সকলেই। কোথায় যাবেন ভাবছেন?

সুব্রত দত্ত, রানাঘাট: শীতের আমেজ বঙ্গে। নভেম্বর মাস চলছে। ডিসেম্বরের শুরু থেকেই শুরু হয়ে যাবে পিকনিক। শীতের আমেজ গায়ে মাখিয়ে সবাই মিলে পিকনিক বেরিয়ে পড়া যেন বাংলা সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে গিয়েছে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পরিকল্পনা। প্রতিবছর নতুন নতুন জায়গার সন্ধান শুরু হয়। প্রকৃতির কোলে স্নিগ্ধ সুন্দর কোন এক জায়গাকে বেছে নিয়ে একদিনের আনন্দ। এ বছরও তেমন পরিকল্পনা করছেন সকলেই। কোথায় যাবেন ভাবছেন (CPT Shimurali)?

সিপিটি: একটি পরিচিত পিকনিক স্পট হল সিপিটি শিমুরালি। নদিয়া জেলায় কলকাতা পোর্টট্রাস্ট-এর একটি প্রাচীন বাংলো। একসময় এই পোর্টট্রাস্টের বাংলোর গা ঘেঁষে বয়ে গিয়েছিল গঙ্গা। এখনও গঙ্গায় নামার সেই প্রাচীন সিঁড়ি বিদ্যমান। তবে গঙ্গা সরে গিয়েছে প্রায় ৮-১০ কিলোমিটার দূরে। ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গিয়েছে সিপিটি বাংলো। গাছ গাছালিতে ভরা এক গ্রামীণ পরিবেশের মধ্যে এর অবস্থান। রয়েছে ফাঁকা প্রাঙ্গণ। সামনে ধুধু প্রান্তর। শীতের আমেজ গায়ে মাখিয়ে আসুন শিমুরালি সিপিটিতে পিকনিকের জন্য।

একটা দিন প্রকৃতির কোলে কাটিয়ে দিতে পারবেন আপনি। সেই সঙ্গে ইতিহাসের সাক্ষী হবেন। শোনা যায় যখন ইংরেজ সাহেবরা গঙ্গা বক্ষে বাণিজ্যে বেরোতেন সেই সময় এই বাংলোতে অবসর নিতেন। তাদের বিনোদনের জন্যও এই বাংলো ছিল প্রিয় জায়গা। সেই সময় ব্যবসা-বাণিজ্যের মূল পথ ছিল জলপথ। কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা হুগলি, নদিয়া মুর্শিদাবাদ, বর্ধমান সহ বিভিন্ন জেলায় ব্যবসা-বাণিজ্যের জন্য ইংরেজ সাহেবরা এই জলপথকে বেছে নিতেন (CPT Shimurali)।

জাহাজ ভিড়তো এই সিপিটির ধারে। জাহাজ নোঙর করে এই বাংলাতে বিশ্রাম নিতে আসতেন তারা। আবার বাংলো থেকে স্থলপথে যাওয়ার জন্য বিশেষ রাস্তা তৈরি করেছিলেন ইংরেজরা। তাদের যানবাহন ছিল ঘোড়ার গাড়ি। সিপিটি থেকে যে রাস্তা মূল সড়কের সঙ্গে মিশেছে সেই রাস্তার দু’ধার ছিল পাথর বাঁধানো। বর্ষার মধ্যেও যাতে ঘোড়ার গাড়ি চলতে কোন বাধা না হয়ে ওঠে তার জন্য এই পাথর বাঁধানো রাস্তা তৈরি করা হয়েছিল।

প্রাকৃতিক পরিবেশে পিকনিক করার জন্য আদর্শ জায়গা এই সিপিটি। সরাসরি কলকাতা থেকে গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন এখানে। ট্রেনে বা বাসেও আপনি সিপিটি পৌঁছাতে পারেন। যারা ট্রেনে করে সিপিটি আসতে চান তারা শিয়ালদহ থেকে ট্রেনে নামবেন শিমুরালি। স্টেশনে নেমে টোটো ধরে পৌঁছে যাবেন সিপিটিতে। বাসে করে এলে ১২ নম্বর জাতীয় সড়কে শিমুরালি চৌমাথা মোড়ে নামতে হবে। সেখান থেকে টোটো করে পৌঁছে যাবেন ইংরেজদের তৈরি এই বাংলোয় (CPT Shimurali)।

তবে রক্ষণাবেক্ষণ এর অভাবে ইতিহাসখ্যাত এই বাংলোটি ধ্বংসের পথে এগোচ্ছে। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা বাংলোটি সংস্কারের কোন তোড়জোড় নেই। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন এই বাংলো সংস্কারের জন্য। এটি ইতিহাসখ্যাত তাই পর্যটকদের জন্য আদর্শ জায়গা। বাংলোটি সংস্কার করে পর্যটনকেন্দ্র গড়ে তুললে প্রতিদিন বহু পর্যটক এখানে ভিড় জমাবেন। সেই সঙ্গে এলাকার ব্যবসা আরও জমজমাট হবে। এলাকার মানুষ চান কেন্দ্রীয় সরকার এই বাংলো সংস্কারে যথাযথ ভূমিকা পালন করুক। ইতিহাস বাঁচিয়ে রাখতে কেন্দ্র তৎপর হোক।