শীত প্রেমীদের জন্য দুঃসংবাদ! আর নামবে না পারদ? কী বলছে হাওয়া অফিস
উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে পারদ স্পর্শ করেছে প্রায় ৪ ডিগ্রি, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।
Truth Of Bengal: গত কয়েকদিন ধরে রাজ্যের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হয়নি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পারদ ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমে ১০ থেকে ১১ ডিগ্রিতে নেমেছে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে পারদ স্পর্শ করেছে প্রায় ৪ ডিগ্রি, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী সাত দিন প্রায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। উত্তুরে হাওয়ার প্রভাব অব্যাহত থাকায় শীতের আমেজ টের পাওয়া যাবে। তবে জাঁকিয়ে শীত নামার সম্ভাবনা কম। বর্তমানে যে তাপমাত্রা রয়েছে, তা খুব একটা পরিবর্তিত হবে না বলেই পূর্বাভাস।
দফতরের তথ অনুযায়ী, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে, যার সঙ্গে যুক্ত আছে জম্মু–কাশ্মীরের উপরে আরেকটি ঘূর্ণাবর্ত। এসব আবহাওাগত অবস্থার প্রভাবে শনিবার নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবু পশ্চিমবঙ্গের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
এদিন, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬ ডিগ্রি। আপাতত উত্তর দিকের হাওয়ার জোরেই শীতের ছোঁয়া টিকে রয়েছে রাজ্যে।
আগামী কয়েকদিন পারদ আর নামবে না, এমনটাই ইঙ্গিত হাওয়া অফিসের। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কিছু এলাকায় দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।






