কলকাতারাজ্যের খবর

টানা ৭ দিন বৃষ্টির কবলে বাংলা! ধেয়ে আসছে ৬০ কিমি বেগের কালবৈশাখী

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Truth of Bengal: দীর্ঘ দিনের অসহনীয় গরম ও দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেল কলকাতা। বুধবার বিকেল থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। যদিও শহরের একাধিক রাস্তায় জল জমে ভোগান্তির ছবি দেখা গিয়েছে, তবুও তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে শহরবাসীর মধ্যে। তবে এই স্বস্তির আবহের মধ্যেও রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা পুরোপুরি কাটছে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী ৯ মে, শনিবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, ৬ ও ৮ মে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে ৯ মে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই কারণেই এই জেলাগুলির জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দফতর।

এছাড়াও ১০ মে ঝড়ের দাপট কিছুটা কমলেও, ১১ ও ১২ মে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বজ্রপাতের সময় খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ পাকা বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে রাজনৈতিক কর্মসূচিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বিজেপির সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Related Articles