রাজ্যের খবর

সীমান্ত থেকে সুন্দরবন: নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত

ড্রোন ও জিপিআরএস প্রযুক্তির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা

Truth Of Bengal: আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবন পর্যন্ত নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার জেলাশাসক শিল্পা চোরাসড়িয়া এবং বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে স্বরূপনগর, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও হাড়োয়ার বিভিন্ন বুথ এবং সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

এরপরে কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের মতো স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ পরিদর্শন চালায়। নির্বাচনকে সামনে রেখে সীমান্তে ২০টি নাকা চেকিং পয়েন্ট এবং শতাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নজরদারিতে গতি আনতে ড্রোন ও জিপিআরএস প্রযুক্তির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে বুথ পরিদর্শনের সময় জেলা প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, কোনো প্রকার অনুপ্রবেশ বা অপ্রীতিকর ঘটনা রুখতে সীমান্তজুড়ে অতিরিক্ত সতর্কতা জারি থাকবে।

প্রশাসন সূত্রের খবর, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রুখতে জল ও স্থল—উভয় পথেই ড্রোন এবং জিপিআরএস প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। রাতের অন্ধকারে নজরদারির জন্য বসানো হয়েছে স্পেশাল নাইট ভিশন ক্যামেরা।

জেলাশাসক ও পুলিশ সুপার জানিয়েছেন, রাজ্যে আগাম আসা কেন্দ্রীয় বাহিনীকে বুথগুলোতে মোতায়েন করার পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যেই প্রশাসনের এই বিশেষ তৎপরতা।

Related Articles