বালুরঘাটে অভিষেকের সভা, টাউন ক্লাব মাঠে জোর প্রস্তুতি—২০-২৫ হাজার ভিড়ের আশা তৃণমূলের
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ সভাস্থল পরিদর্শনে যান প্রার্থী অর্পিতা ঘোষ।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: আসন্ন বিধানসভা নির্বাচনে বালুরঘাটকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই দলের বিশ্বস্ত মুখ অর্পিতা ঘোষকে প্রার্থী করে ভোটের লড়াইয়ে নামানো হয়েছে। আর তাঁর সমর্থনে মঙ্গলবার বালুরঘাটে প্রচারে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।সভাকে ঘিরে ইতিমধ্যেই টাউন ক্লাব মাঠে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ সভাস্থল পরিদর্শনে যান প্রার্থী অর্পিতা ঘোষ। মঞ্চ থেকে হেলিপ্যাড—সব দিক খতিয়ে দেখেন তিনি।
পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন।দলীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সভাস্থলের পাশেই ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন অভিষেক।সেখান থেকে সরাসরি সভামঞ্চে পৌঁছনোর কথা তাঁর।সভা নিয়ে আশাবাদী প্রার্থী অর্পিতা ঘোষ। তাঁর দাবি, এই জনসভায় ২০ থেকে ২৫ হাজার মানুষের সমাগম হতে পারে। তিনি বলেন, “প্রায় প্রতিদিনই আমরা রাতে এসে প্রস্তুতির কাজ দেখছি।
সোমবার সকালে এসে আবার খোঁজখবর নিলাম।দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ছোট করে বৈঠকও করা হয়েছে।”নির্বাচনের মুখে এই সভা ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তৃণমূলের শক্তিপ্রদর্শনের মঞ্চ হয়ে উঠতে চলেছে বালুরঘাট—এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।






