দুয়ারে রেশনে নেই চাল-গম! বালুরঘাটের ২৫ নম্বর ওয়ার্ডের কদমতলায় বিক্ষোভ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৫ নম্বর ওয়ার্ডের একটি রেশন দোকান থেকে কদমতলা এলাকায় দুয়ারে রেশন দিতে আসেন ডিলার।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: দুয়ারে রেশন প্রকল্পে রেশন ডিলার বাড়িতে এলেও মিলছে না চাল-গম-আটা। অভিযোগ তুলে মঙ্গলবার বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ক্ষুব্ধ গ্রাহকরা রেশন ডিলারকে ঘিরে ধরেন। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৫ নম্বর ওয়ার্ডের একটি রেশন দোকান থেকে কদমতলা এলাকায় দুয়ারে রেশন দিতে আসেন ডিলার। অভিযোগ, নির্দিষ্ট পরিমাণ চাল না দিয়ে ময়দা ও ছোলা দিয়ে ‘মন ভোলানোর’ চেষ্টা করা হয়। গ্রাহকদের বক্তব্য, পেট ভরানোর জন্য চাল-গমই প্রয়োজন। এই দাবি জানিয়েই বিক্ষোভে শামিল হন তাঁরা। ক্ষুব্ধ গ্রাহক অজিত কুমার দাস বলেন, “আমরা খুব দরিদ্র মানুষ। বলা হচ্ছে মাল স্টক নেই, অথচ কাউকে কাউকে দেওয়া হচ্ছে। অনেকের হাতে এক বা দুই মাসের স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখিয়েছি। আমাদের একটাই দাবি—ন্যায্য মাল পেলেই সমস্যা মিটে যাবে।”
আর এক গ্রাহক পলাশ রজক জানান, “চাল-গম কিছুই ঠিকমতো পাচ্ছি না। ময়দা আর ছোলা দিয়ে সংসার চলে না। আমার কাছে এখনও গত মাসের স্লিপ পড়ে রয়েছে। বাড়িতে দুটো কার্ড—মা’র আর আমার। দশ কেজি করে চাল পাওয়ার কথা। গত মাসের চাল এখনও পাইনি, এই মাসেও চাল-গম-আটা কিছুই আসেনি।”যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন রেশন ডিলার রাকেশ বিশ্বাস।
তাঁর দাবি, “এখানে সবাই চাল-ডাল পায়। মাল আসার পরেই আমি এখানে আসি।অনেকে অন্য জায়গায় চলে যায়। এখন যারা স্লিপ দেখাচ্ছে, তারা আগেই আমার কাছ থেকে টাকা নিয়েছে। আজ সবজি-জাতীয় মাল এসেছে, তাই সেটাই দিতে এসেছি। শুক্রবার আবার এসে বাকি মাল দেব বলেছি, কিন্তু কেউ মানছে না।” এ বিষয়ে জেলা খাদ্য দফতরের আধিকারিক জিগমি লেপচা জানান, “ঘটনার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় স্তরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”






