Vidyang Valley Kalimpong: ভিড়ভাট্টা এড়িয়ে ছুটির নতুন ঠিকানা! কালিম্পংয়ের কোলে রেলি নদীর তীরে যেন এক টুকরো স্বর্গ
মুক্তির স্বাদ পেতে স্থানবদল করা জরুরি। কয়েক দিনের ছুটির অবকাশে ঘুরে আসতে পারেন পাহাড়ি রেলি নদীর তীরে অবস্থিত বিদ্যাং উপত্যকা।
Truth of Bengal: গোটা বাংলা জুড়ে এখন ভরপুর শীতের আমেজ। তাপমাত্রার পারদ যতই নিম্নমুখী হোক না কেন আম বাঙালি এখন ফেস্টিভ মুডে। শহুরে নাগরিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে শরীরে ও মনে ক্লান্ত অনুভব করছেন? মুক্তির স্বাদ পেতে স্থানবদল করা জরুরি। কয়েক দিনের ছুটির অবকাশে ঘুরে আসতে পারেন পাহাড়ি রেলি নদীর তীরে অবস্থিত বিদ্যাং উপত্যকা।
উত্তরবঙ্গের একদম অফবিট পর্যটন কেন্দ্র হল বিদ্যাং উপত্যকা। কালিম্পং টাউন থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় আসলেই চোখে পড়বে নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে ছলাৎ ছলাৎ শব্দ করে আপন ছন্দে বয়ে চলেছে রেলি নদী। পায়ে হেঁটে কিছু দূর গেলেই দেখা যায় উচ্ছল দুর্বার গতিতে প্রায় ৩ হাজার ফুট উঁচু থেকে ঝরে পড়ছে অকৃত্রিম ঝোরা। যেখানে অবিরাম জল ঝরে পড়ছে সেখানে তৈরি হয়েছে এক সুইমিং পুল। স্রোতস্বিনী রেলি নদীর বুক চিরে গেছে ঝুলন্ত সেতু।
উপত্যকার মাঝখানে ২ পাহাড়ের মধ্যে রয়েছে ঝুলন্ত সেতু। রেলি নদীর তীরে শীতে জমে ওঠে পিকনিক স্পট হিসাবে। নদীর তীরে পাহাড়ি গাছের বন নজরকাড়া। পাহাড়ের ধাপে ধাপে চাষের ক্ষেতের সবুজের সমারোহ নজর কাড়বে। নির্মল প্রাকৃতিক পরিবেশে প্রচুর প্রজাতির উদ্ভিদ, পাখি, প্রজাপতি দেখা যায়। হাতে সময় থাকলে বিদ্যাং উপত্যকা থেকে ঘুরে আসা যায় মংপু। ঘুরে দেখা যায় রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বাড়ি।
কীভাবে যাবেন বিদ্যাং উপত্যকা? কোথায় থাকবেন
ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে বা আকাশপথে বাগডোগরা বিমানবন্দরে নেমে ভাড়া গাড়িতে করে কালিম্পংয়ে আসতে হবে। কালিম্পং টাউন থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যাং উপত্যকা। থাকার জন্য রয়েছে হোম স্টে।





