ভ্রমণ

Turuk Village: উত্তরবঙ্গের অফবিট তুরুক এখন পর্যটকদের নতুন ক্রাশ

অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যর জন্য বিখ্যাত তুরুক কমলালেবুর বাগান ও পাহাড়ের গায়ে ধাপে ধাপে গড়ে ওঠা অর্গানিক ফার্মিংয়ের জন্য বেশ নাম করেছে।

Truth of Bengal: দেখলে মনে হবে প্রকৃতির ক্যানভাসে হাতে আঁকা এক ছবি। ৪৮০০ ফুট উঁচুতে রয়েছে ‘অচিনপুর’ তুরুক। উত্তরবঙ্গের স্বল্প পরিচিত গ্রাম হল তুরুক। পাহাড়ের কোলে নিরিবিলি পরিবেশে নিশ্চিন্তে কাটানোর আদর্শ ঠিকানা হল তুরুক। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যর জন্য বিখ্যাত তুরুক কমলালেবুর বাগান ও পাহাড়ের গায়ে ধাপে ধাপে গড়ে ওঠা অর্গানিক ফার্মিংয়ের জন্য বেশ নাম করেছে। এখানে এলে একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে পাবেন তেমনই কমলালেবুর বাগান, এলাচ বাগান, ধুপির জঙ্গল ঘেরা পাকদণ্ডী পথ ধরে গোটা গ্রাম চষে ফেলতে পারেন। উপড়ি পাওনা হিসাবে রয়েছে নাম না জানা নানান রকম প্রজাতির রঙিন ফুলের দল।

তুরুক থেকে ঘুরে আসা যায় বুদ্ধ ফলস, চার্চ। সময় পেলে কিছুক্ষণ সময় কাটিয়ে আসুন রিয়াং নদীর ধারে। ইচ্ছে হলে ছোটোখাটো ট্রেক করে আসা যায়। চারপাশের নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, নিস্তব্ধতা, সবুজের সমারোহ মন কাড়বে। কাছে রয়েছে মহানন্দা অভয়ারণ্য। সবুজঘেরা পথ পেরিয়ে, পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে শুনতে পৌঁছে যান অহলদারা ভিউপয়েন্ট, নামথিং পোখরি, তামাং গুম্ফা, মাহালদিরাম ভিউপয়েন্ট, কার্শিয়াং, বাগোরা, মংপু, চিমনি।

কীভাবে যাবেন এবং কোথায় থাকবেন

ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অথবা বিমানে যাতায়াত করলে বাগডোগরা বিমানবন্দর থেকে যাওয়া যায় তুরুক। সড়ক পথে শিলিগুড়ি থেকে তুরুকের দূরত্ব ৬৮ কিলোমিটার। থাকার জন্য কোনো হোটেল নেই, রয়েছে কয়েকটা হোম স্টে।