খেলা

অলিম্পিকের মহাযজ্ঞ শেষ, সেই প্যারিসেই বসছে প্যারালিম্পিকের আসর, কিন্তু জানেন কি কবে থেকে শুরু প্যারালিম্পিক

the Paralympics are being held in Paris

Truth Of Bengal, Mou Basu : ফ্রান্সের রাজধানী প্রেমের শহর, সাহিত্য, শিল্পকলার শহর প্যারিসে বসেছিল অলিম্পিকের আসর। সেই মহাযজ্ঞের পরিসমাপ্তির পর এবার সেই প্যারিসেই বসতে চলেছে প্যারালিম্পিকের আসর। ইতিহাস ঘাঁটাঘাঁটি করলে দেখা যাবে ১৯৪৮ সালে শুরু প্যারালিম্পিকের। যুদ্ধ ফেরত সেনানী যাঁরা যুদ্ধে নিজেদের অঙ্গ হারিয়েছেন, প্রিয় সহকর্মীদের ও অপর পক্ষের সেনাদের চোখের সামনে মরতে দেখেছেন তাঁদের শারীরিক ও মানসিক আনন্দ দিতে ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে স্যর লুডউইগ গাটম্যান নামে এক ইংরেজ ইংল্যান্ডের স্ট্রোক ম্যান্ডেভিল নামে এক জায়গায় খেলার আয়োজন করার কথা ভাবেন।

সেই বছর সামার অলিম্পিকের আসর বসেছিল লন্ডনে। হুইলচেয়ারবন্দি যুদ্ধ ফেরত সেনানীদের জন্য একাধিক খেলার আয়োজন করেছিলেন স্যর লুডউইগ গাটম্যান। তিনি সেই খেলার আসরের নাম দিয়েছিলেন স্ট্রোক ম্যান্ডেভিল গেমস। ১৯৫২ সালে নেদারল্যান্ডসের যুদ্ধ ফেরত প্রাক্তন সেনানীরাও এই খেলায় অংশ নেন। আন্তর্জাতিক খ্যাতি পায় এই খেলার আয়োজন। নাম হয় ইন্টারন্যাশনাল স্ট্রোক ম্যান্ডেভিল গেমস।

প্যারালিম্পিকের শুরু বলতে ১৯৪৮ সালের স্ট্রোক ম্যান্ডেভিল গেমসকে ধরা হলেও আনুষ্ঠানিক ভাবে স্ট্রোক ম্যান্ডেভিল গেমসের নবম এডিশনকেই প্রথম প্যারালিম্পিকের আসর বলে মনে করা হয়। ১৯৬০ সালে রোমে বসেছিল সেই খেলার আসর। ২৩টি দেশের ৪০০ জন খেলোয়াড় ৮টি খেলায় অংশ নিয়েছিলেন। কিন্তু তখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি প্যারালিম্পিক। এরও প্রায় আড়াই দশক পর অফিশিয়াল স্বীকৃতি মেলে। ১৯৮৪ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্যারালিম্পিককে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। তার আগে পর্যন্ত প্যারালিম্পিককে ইন্টারন্যাশনাল স্ট্রোক ম্যান্ডেভিল গেমসই বলা হত।

এবছর ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্যারিসেই বসছে প্যারালিম্পিকের আসর। ২২টি বিভিন্ন রকমের খেলার ৫৪৯টি ইভেন্ট হবে। এবছর প্যারিসে যে অলিম্পিকের আসর বসেছিল তার ৩৫টি ভেন্যুর মধ্যে ১৮টি প্যারালিম্পিকের জন্যও ব্যবহার করা হবে। প্যারিসের শঁজেলিজের প্রাসাদ, লা ডিফেন্স এরিনা ও স্তাদ দ্য ফ্রান্সে বসবে প্যারালিম্পিকের আসর।

অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথম কোনো স্টেডিয়ামে নয় স্যেন নদীতে হয়েছিল অলিম্পিকের ওপেনিং সেরিমনি বা সূচনা অনুষ্ঠান। সেইমতন প্যারালিম্পিকের ইতিহাসেও স্টেডিয়ামে নয় প্লাস দ্য লা কনকর্ড নামক ময়দানে বসবে প্যারালিম্পিকের সূচনা অনুষ্ঠান।

Related Articles