Truth Of Bengal: সাদা বলের ক্রিকেটকে আলবিদা জানালেন ঋষি ধাওয়ান। তাঁর অবসর ঘোষণার সঙ্গে সঙ্গে শেষ হল দীর্ঘ ১৭ বছরের ক্রিকেট কেরিয়ার। জাতীয় দলে ঋষির অভিষেক ঘটেছিল মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের সময়। এছাড়া আইপিএল-এ খেলেছেন কলকাতা নাইট রাইডার্স দলের হয়েও।
প্রসঙ্গত, ২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল হিমাচল প্রদেশের ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের। তবে ঘরোয়া ক্রিকেটে বিশেষ পরিচিত পেলেও জাতীয় দলের জার্সি গায়ে কিন্তু সেইভাবে নজর কাড়তে পারেননি তিনি। মেন-ইন-ব্লুজদের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছেন ঋষি। তার মধ্যে রয়েছে একটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল ঋষির। এবং সেই বছরই ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।
ঋষির অধিনায়কত্বে হিমালচল প্রদেশ বিজয় হাজারে ট্রফি জয় করেছিল ২০২১-২২ মরশুমে। সেই টুর্নামেন্টে ৪১৭ রানের পাশাপাশি ১৭টি উইকেটও ঝুলিতে পুড়েছিলেন তিনি। এরপর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে জল্পনা শুরু হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।
ঋষি আইপিএল-র আসরে মোট তিনটি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন। তার মধ্যে অন্যতম হল কলকাতা নাইট রাইডার্স। ২০১৭ সালে তিনি নাইটদের দলের সদস্য ছিলেন। কিন্তু নাইটদের জার্সিতেও ঋষি বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে নাইটদের দল ছাড়াও ঋষি খেলেছেন মুম্বই দলের হয়ে। তাদের হয়েই আইপিএল জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। কলকাতা, মুম্বইয়ের পর ঋষি খেলেছেন পাঞ্জাব কিংসের হয়েও।






