ফাইনালেও একই রকম নিখুঁত ক্রিকেট খেলতে চান স্যান্টনার
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারের প্রতিশোধ নিতে পেরে খুশি কিউই অধিনায়ক।
Truth Of Bengal: ইডেন গার্ডেন্সে দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচ শেষে দলের অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, ফাইনালেও একই রকম নিখুঁত ক্রিকেট খেলাই তাঁদের লক্ষ্য। সেমিফাইনালে জয়ের পাশাপাশি গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারের প্রতিশোধ নিতে পেরে খুশি কিউই অধিনায়ক।
স্যান্টনার বলেন, এই ম্যাচে দলের পারফরম্যান্সে তিনি অত্যন্ত সন্তুষ্ট। তবে ফাইনালের মাঠ এবং পিচের ধরন আলাদা হতে পারে বলে তিনি সতর্ক। তাঁর মতে, লাল বা কালো মাটির পিচ, মাঠের আকার—এসব বিষয় মাথায় রেখেই দল গঠন করতে হবে। তবুও এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
ম্যাচে এক সময় ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে তারা ১৬৬ রানে পৌঁছয়। কিন্তু সেই লক্ষ্যকে খুব বড় মনে করেননি স্যান্টনার। তিনি বলেন, ওপেনারদের দারুণ শুরুই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। পাওয়ার প্লে-তে আগ্রাসী ব্যাটিং দলের জন্য বাড়তি সুবিধা এনে দেয়।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম স্বীকার করেছেন, শুরুতে পিচ কঠিন থাকায় ব্যাটিং করা সহজ ছিল না। বল ঠিকমতো ব্যাটে আসছিল না এবং কিছু বল নিচু হচ্ছিল। তাছাড়া ফিন অ্যালেনের শতরানের ইনিংস ম্যাচকে তাঁদের নাগালের বাইরে নিয়ে যায়। পরাজয়ে হতাশ হলেও দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে তিনি গর্বিত বলে জানান।






