সাত মাস পর আবার জাতীয় দলের অনুশীলনে মেসি
Messi returns to national team training after seven months
Truth Of Bengal: অবশেষে প্রতীক্ষার অবসান হল সোমবার। দীর্ঘ ৭ মাস পর আবার নীল-সাদা জার্সির অনুশীলনে নেমে পড়লেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এর আগে এলএম টেন শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২৪ সালের নভেম্বর মাসে।
এরপর পেশির চোটের কারণে গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে অংশ নিতে পারেননি মেসি। ৩৭ বছর বয়সী তারকাকে ছাড়াই সেই দুটি ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। তার ফলে দক্ষিণ আমেরিকা গ্রুপের পয়েন্ট টেবিলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই আর্জেন্টিনা নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ২০২৬-র বিশ্বকাপে।
প্রসঙ্গত, আগামী দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার জাতীয় শিবির অনুষ্ঠিত হচ্ছে রাজধানী বুয়েনস আইরেসের উপকন্ঠে ট্রেনিং কমপ্লেক্সে। মেসিরা চিলির বিপক্ষে মাঠে নামবে আগামী বৃহস্পতিবার। চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেললেও, কলম্বিয়ার বিপক্ষে হোম ম্যাচেই মাঠে নামবেন মেসিরা। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে মনুমেন্টাল স্টেডিয়ামে।
এদিকে বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে মাঠে নামার আগে ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে টানা দ্বিতীয় সপ্তাহের মতো এমএলএস ‘প্লেয়ার অফ দ্য উইক’ নির্বাচিত হয়েছেন মেসি । গত শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ৫-১ গোলের জয়ে সবগুলো গোলেই সরাসরি অবদান ছিল মেসির।






