কলকাতা

নভেম্বরের শুরুতে উষ্ণ আবহাওয়া, শীত আসবে কবে?

সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

Truth Of Bengal: আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত তেমন কোনো মুষলধারা বৃষ্টির পূর্বাভাস নেই। সুতরাং বলা যায়, এবার ধীরে ধীরে হেমন্তের অনুভূতি পেতে চলেছে বঙ্গবাসী। উত্তরবঙ্গে দুর্যোগ কমার ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে নভেম্বরের শুরু থেকেই বৃষ্টিবিহীন আলোকোজ্জ্বল দিনে শীত আসার প্রহর গুনছে বাংলা। যদিও শীতের আগমনের বিষয়ে আবহাওয়া অফিসের তরফে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

আলিপুর আবহাওয়া অফিস যে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, উত্তরপশ্চিম ঝাড়খণ্ড এবং তৎপর্শবর্তী অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি ইতিমধ্যেই সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলা এবং তৎপর্শবর্তী অঞ্চলে অবস্থান করছে। সংশ্লিষ্ট ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ক্রমেই এটি আরও দুর্বল হবে।

রবিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গতকাল উত্তরবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হয়েছে। তবে এবার দুর্যোগ কমে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। রবিবার উত্তরবঙ্গের সব জেলায় এক-দুই স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ থেকে ৭ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পুরো উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে এবং এদিন কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার সব জেলার এক-দুই স্থানে বজ্রবিদ্যৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বুধবার ও বৃহস্পতিবার নদীয়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার এক-দুই স্থানে বজ্রবিদ্যৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ নভেম্বর শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

বিগত দিনের তাপমাত্রার রেকর্ড অনুযায়ী, শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৭৮ শতাংশ।

Related Articles