এসএসসি প্রকাশ করল একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের মডেল উত্তরপত্র
পূর্ব ঘোষণা অনুযায়ী, একাদশ-দ্বাদশের উত্তরপত্র ২০ সেপ্টেম্বর প্রকাশ করার কথা ছিল এবং কমিশন সেই সময়সীমা মেনেই তা করেছে।
Truth Of Bengal: স্কুল সার্ভিস কমিশনের (SSC) তরফে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র অবশেষে প্রকাশ করা হলো। এর আগে গত ১৬ সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ করেছিল কমিশন। পূর্ব ঘোষণা অনুযায়ী, একাদশ-দ্বাদশের উত্তরপত্র ২০ সেপ্টেম্বর প্রকাশ করার কথা ছিল এবং কমিশন সেই সময়সীমা মেনেই তা করেছে।
চাকরিপ্রার্থীদের জন্য এবার গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। আগামী পাঁচদিনের মধ্যে তারা এই মডেল উত্তরপত্র চ্যালেঞ্জ করতে পারবেন। ২২ সেপ্টেম্বর থেকে শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি’র (SSC) ওয়েবসাইটে গিয়ে অনলাইনে চ্যালেঞ্জ জানানো যাবে। তবে, চ্যালেঞ্জের জন্য কিছু নির্দিষ্ট শর্তও থাকছে।
আরও পড়ুনঃ টাকার পাহাড়! রায়পুর থেকে সুরাতে ৬.৬ কোটি টাকা পাচারের ছক ফাঁস
প্রথমত, প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য চ্যালেঞ্জ করতে হলে ১০০ টাকা করে ফি দিতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে কমপক্ষে দু’টি উপযুক্ত সাপোর্টিং ডকুমেন্ট (তথ্য/তথ্যসূত্র) জমা দিতে হবে, যেগুলি সংশ্লিষ্ট প্রশ্ন বা উত্তরের ভুল প্রমাণ করতে সক্ষম। যদি কমিশন কোনও উত্তর ভুল মেনে নেয়, এবং প্রার্থীর চ্যালেঞ্জ গ্রহণ করা হয়, তবে ফি ফেরত দেওয়া হবে।
এসএসসি (SSC) আগেই জানিয়েছে, প্রার্থীদের চ্যালেঞ্জ খতিয়ে দেখতে নিয়োগ করা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ অধ্যাপক ও শিক্ষাবিদদের একটি দল। তাঁরা নিরপেক্ষভাবে প্রতিটি দাবির ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমে বলেছিলেন, এসএসসি নির্ধারিত সময়মতোই মডেল উত্তরপত্র প্রকাশ করবে এবং প্রার্থীরা চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। সেই প্রতিশ্রুতি অনুসারে, কমিশনের তরফে যথাসময়ে নবম-দশম এবং এখন একাদশ-দ্বাদশের উত্তরপত্র প্রকাশ করা হয়েছে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
চাকরিপ্রার্থীদের কাছে এখন মূল লক্ষ্য হওয়া উচিত নির্ভুলভাবে উত্তরপত্র খতিয়ে দেখে যদি ভুল থেকে থাকে, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে যথাযথ প্রমাণসহ চ্যালেঞ্জ জানানো।






