কলকাতা

এসআইআর শুনানিতে এবার তলব করা হল রাজ্যের পরিবহণ সচিবকে

ই বিতর্কের মাঝেই এবার এসআইআর শুনানিতে তলব করা হয়েছে রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্র মোহনকে।

Truth of Bengal: রাজ্যে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্য়েই নির্বাচন কমিশনে একাধিকবার নালিশ জানানো হয়েছে যে, অতি সামান্য ত্রুটির জন্য সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং শুনানির নামে হেনস্তা করা হচ্ছে। এই বিতর্কের মাঝেই এবার এসআইআর শুনানিতে তলব করা হয়েছে রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্র মোহনকে। আগামী ২৫ জানুয়ারি তাঁকে প্রয়োজনীয় নথিপত্র সহ রাজারহাটের এপিজে আব্দুল কালাম কলেজে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, পরিবহণ সচিব সৌমিত্র মোহন নিউটাউন বিধানসভা কেন্দ্রের ভোটার। নির্বাচন কমিশনের পাঠানো নোটিস অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নামের সঙ্গে বর্তমান নির্বাচক তালিকার তথ্যে অমিল ধরা পড়েছে। এই লজিক্যাল ডিসক্রিপান্সি বা যৌক্তিক অসঙ্গতি খতিয়ে দেখতেই তাঁকে সশরীরে তলব করা হয়েছে বলে খবর। তবে এই নোটিস বা শুনানি নিয়ে সচিবের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, এই এসআইআর প্রক্রিয়ায় এর আগে অভিনেতা দেব, ক্রিকেটার মহম্মদ শামি থেকে শুরু করে অমর্ত্য সেন ও জয় গোস্বামীর মতো বিশিষ্টজনদেরও নোটিস পাঠানো হয়েছে।

এসআইআর নিয়ে এই প্রশাসনিক তৎপরতার বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে কড়া ভাষায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বাংলায় এই প্রক্রিয়ার নামে নজিরবিহীন হয়রানি চলছে এবং এর ফলে দুশ্চিন্তায় ও আতঙ্কে ইতিমধ্যে ১১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষকে শুনানির জন্য পাঁচ-ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, যা অত্যন্ত অমানবিক বলে মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, লজিক্যাল ডিসক্রিপান্সি খতিয়ে দেখার বিষয়টি আগে কখনও এসআইআর প্রক্রিয়ার অংশ ছিল না এবং এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই করা হচ্ছে। তাঁর মতে, ডার্ক লিস্ট বা ফাইনাল লিস্ট প্রকাশের পর যাঁরা বঞ্চিত হবেন, তাঁদের ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রযোজ্য হওয়া উচিত। এই পরিস্থিতির প্রতিবাদে সাধারণ মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসনিক প্রধান। শাসকদলের বিধায়ক, নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের পর এবার খোদ শীর্ষ আমলার ডাক পাওয়া এই বিতর্ককে নতুন মাত্রা দিল।

Related Articles