কলকাতা

গুজরাটের বাজি বিস্ফোরণে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর, কেন বাদ পাথরপ্রতিমা? সোচ্চার তৃণমূল

PM's financial assistance for Gujarat's firecracker blasts, why stone idols were left out? Trinamool voices out

Truth Of Bengal: দেশের দুই প্রান্তে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমা ও গুজরাটের বনাশকাঁটায় এই দুর্ঘটনায় বহু প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা ও আর্থিক সাহায্য শুধুমাত্র গুজরাটের জন্য ঘোষণা করা হয়েছে, বাংলার দুর্ঘটনার উল্লেখ পর্যন্ত নেই। এই বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে মোদির শোকবার্তা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘গুজরাটের বনাশকাঁটায় বাজি কারখানার বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য গভীর শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ এছাড়াও মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। কিন্তু পাথরপ্রতিমার ঘটনায় কোনও মন্তব্য করা হয়নি।

এই বৈষম্য নিয়েই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। দলটির মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গুজরাটের জন্য শোকবার্তা ও ক্ষতিপূরণ ঘোষণা করা হলেও বাংলার জন্য কোনও সমবেদনা নেই! বিজেপির এই বাংলাবিরোধী মানসিকতার জন্যই তাদের বহিরাগত বলা হয়।’

পাথরপ্রতিমার বিস্ফোরণে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে, আর বনাশকাঁটায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। বাংলার ঘটনায় বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে দ্রুত গ্রেপ্তার করা হলেও গুজরাটের ঘটনায় তদন্তের তেমন কোনও অগ্রগতি হয়নি। এই অসম আচরণ নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

Related Articles