কলকাতা

প্রদেশ কংগ্রেসের ইস্তাহার প্রকাশ, মহিলাদের ক্ষমতায়নে ‘দুর্গা সম্মান’ মাসে ২০০০ টাকা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে পাঁচটি অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

Truth of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনের কে সামনে রেখে ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। সোমবার ইস্তাহার প্রকাশ করলেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে পাঁচটি অঙ্গীকার তুলে ধরা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য,

১. দুর্গা সম্মান: মহিলাদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য মাসিক ২০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া স্নাতক স্তর পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা এবং সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

২. কৃষক সম্মান: ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের স্বার্থে বছরে ১৫ হাজার টাকা আর্থিক সাহায্য এবং কৃষি কাজের সুবিধার্থে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের অঙ্গীকার করেছে কংগ্রেস।

৩. বিধান স্বাস্থ্য সুরক্ষা: স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করতে প্রতিটি পরিবারের জন্য ‘বিধান স্বাস্থ্য কার্ড’ চালুর কথা বলা হয়েছে। এর মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা এবং ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকারিভাবে বহন করা হবে।

৪. যুব সম্মান: বেকারত্ব দূরীকরণে এক বছরের মধ্যে সরকারি দপ্তরের সমস্ত শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যুবক-যুবতীদের জন্য নিশ্চিত ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হবে।

৫. শিক্ষার আলো: রাজ্যের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পাশাপাশি কৃত্রিম মেধা (AI) এবং আধুনিক দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে।

প্রশাসনিক কাঠামো ও প্রচার

প্রতিটি গ্যারান্টি বা প্রতিশ্রুতি সফলভাবে বাস্তবায়নের জন্য কংগ্রেস একটি পৃথক মন্ত্রক গঠনের কথা ঘোষণা করেছে। রাজ্যবাসীকে কংগ্রেসের হাত ধরে বিধান রায়ের সমৃদ্ধ বাংলা গড়ার আহ্বান জানানো হয়েছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাদের নির্বাচনী প্রচারের একটি বিশেষ ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ‘বিধান রায়ের বাংলা’ ফিরিয়ে আনার ডাক দিয়ে এই ভিডিওতে কংগ্রেস মূলত পাঁচটি বিশেষ ‘গ্যারান্টি’ বা অঙ্গীকারের ওপর আলোকপাত করেছে। উন্নয়নের লক্ষ্যে সাজানো এই ইস্তেহারে সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য নির্দিষ্ট সুযোগ-সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

Related Articles