কলকাতা

নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা কেবেল টিভি অপারেটরদের

অপারেটরদের দাবি, কেবল টিভি পরিষেবার সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মী ও তাঁদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকারের ইতিবাচক পদক্ষেপ জরুরি

সত্যজিৎ বিশ্বাস: দীর্ঘ বছর ধরে কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার বিস্তীর্ণ এলাকায় কেবেল পরিষেবা দিয়ে আসছে নর্থ স্যাটেলাইট লিংক প্রাইভেট লিমিটেড। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকা বড় বেসরকারি সংস্থার প্রতিযোগিতায় টিকে থাকা আজ কঠিন হয়ে উঠেছে স্থানীয় কেবেল অপারেটরদের জন্য। অভিযোগ, গত ১৫ বছরে একাধিকবার সরকারের কাছে বিভিন্ন দাবি ও সমস্যার কথা জানানো হলেও মেলেনি কোনও স্থায়ী সমাধান। বরং প্রতিবাদে নামতে হয়েছে বহুবার।
গত বৃহস্পতিবার সংস্থার সদর দপ্তরে উপস্থিত হন কাশীপুর-বেলগাছিয়ার নবনির্বাচিত বিজেপি বিধায়ক রিতেশ তেওয়ারি।
সেখানে তাঁকে সম্মান জানান কেবেল টিভি অপারেটরস অ্যাসোসিয়েশন ও নর্থ স্যাটেলাইট লিংক প্রাইভেট লিমিটেডের সদস্যরা।

অপারেটরদের দাবি, কেবল টিভি পরিষেবার সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মী ও তাঁদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকারের ইতিবাচক পদক্ষেপ জরুরি। নর্থ স্যাটেলাইট লিংক প্রাইভেট লিমিটেড কর্ণধার অলোক জানা বলেন, “৩৬ বছর ধরে ব্যবসা করছি। কিন্তু কোনও সরকার আমাদের স্বীকৃতি দেয়নি। বহুবার দরবার করেও কোনও সাহায্য পাইনি। এখন অসম প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। কেবল টিভির সঙ্গে যুক্ত কর্মী ও তাঁদের পরিবার যাতে ক্ষতির মুখে না পড়েন, সেই দিকটা সরকার দেখুক—এই আবেদন জানাচ্ছি।”

অন্যদিকে, আগামী দিনে কেবেল অপারেটরদের সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেই আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক রিতেশ তেওয়ারি। তিনি বলেন “আগের সরকারের সময় যে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, আগামী দিনে তা হবে না। কেবেল অপারেটরদের সমস্যা ও দাবি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব এবং যথাযথ উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।” স্থানীয় কেবেল অপারেটরদের দাবি, ডিজিটাল যুগে টিকে থাকতে সরকারি সহায়তা ও নীতিগত সুরক্ষা অত্যন্ত জরুরি। এখন দেখার, নতুন সরকারের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়।