‘পথশ্রী’ প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামের ছবি, বহরমপুরে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের সূচনা
এর মধ্যে দুটি রাস্তা নওদাপানুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং একটি রাস্তা ভাকুড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মিত হবে।
Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে বুধবার বহরমপুর ব্লকে তিনটি ঢালাই রাস্তার শিলান্যাস করা হয়েছে। এর মধ্যে দুটি রাস্তা নওদাপানুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং একটি রাস্তা ভাকুড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মিত হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিডিও অমরজ্যোতি সরকার। তিনি তিনটি রাস্তার শিলান্যাসের জন্য ফিতে কেটে কাজের সূচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল-সহ মুর্শিদাবাদ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।
ভাকুড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় নূরমান শেখের বাড়ি থেকে ইটভাটা হয়ে কবরস্থান পেরিয়ে পাঁচাই ক্যানেল পর্যন্ত ১,৩৭৫ মিটার দীর্ঘ একটি ঢালাই রাস্তা নির্মাণ করা হবে। এই রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯১ লক্ষ ৩৩ হাজার ৪৬ টাকা। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, রাস্তা সম্পূর্ণ হলে এলাকার প্রায় ১০ হাজার মানুষ উপকৃত হবেন।
অন্যদিকে নওদাপানুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি ঢালাই রাস্তা নির্মাণ করা হবে। এর মধ্যে একটি সুণ্ডিপুর মৌজায় মোকামপাড়া ভাটা থেকে বদরপুকুর ডিপ-টিউবয়েল পর্যন্ত ১,২৬০ মিটার দীর্ঘ রাস্তা, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৩ লক্ষ ৯৩ হাজার ৪০৩ টাকা। অপরটি বেজপাড়ায় বশির শেখের জমি থেকে কইমুদ্দিন শেখের জমি পর্যন্ত ১,৩৯০ মিটার দীর্ঘ ঢালাই রাস্তা, যার জন্য বরাদ্দ করা হয়েছে ৯২ লক্ষ ৫১ হাজার ১৯২ টাকা।
এই দুটি রাস্তা নির্মাণ সম্পূর্ণ হলে নওদাপানুর পঞ্চায়েত এলাকার প্রায় ২৩ হাজার মানুষ উপকৃত হবেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।






