পরিবেশ রক্ষায় কী বিশেষ উদ্যোগ বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের
What is the special initiative of the Vaishnadevi Shrine Board to protect the environment

The Truth of Bengal,Mou Basu: জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় ত্রিকূট পাহাড়ের ওপর অবস্থিত বৈষ্ণোদেবী মাতার মন্দির। প্রতি বছর দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি পুণ্যার্থী এই পবিত্র দেবালয় ভ্রমণে আসেন। পরিবেশ রক্ষায় এবার বিশেষ উদ্যোগ নিল বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বা পরিচালন সমিতি। এবার থেকে বৈষ্ণোদেবী মাতার মন্দিরে পুজো দিলে ‘প্রসাদ’ হিসাবে গাছের চারা দেওয়া হবে।
বুধবারই সাড়ম্বরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ওইদিন জম্মুর কাটরায় বৈষ্ণোদেবী যাওয়ার বেস ক্যাম্পে ‘বৈষ্ণব বটিকা’ নামে নার্সারির উদ্বোধন করেন বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের সিইও অনশূল গর্গ। পুণ্যার্থীদের হাতে এবার থেকে নার্সারির বিভিন্ন রকমের গাছের চারা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অনুশূল গর্গ। নার্সারিতে বিভিন্ন রকমের গাছের চারা রাখা হয়েছে।
পুণ্যার্জন যেন পরিবেশবান্ধব হয় আর পরিবেশ দূষিত হওয়ার থেকে রক্ষা করতেই এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের আধিকারিকরা। আপাতত নতুন চালু হওয়া নার্সারিতে ৪০ রকম প্রজাতির গাছের চারা রাখা হয়েছে। খুব কম অর্থের বিনিময় পুণ্যার্থীরা গাছের চারা প্রসাদ হিসাবে কিনতে পারেন। এমন অভিনব গাছের চারা প্রসাদ হিসাবে পেয়ে যারপরনাই খুশি বৈষ্ণোদেবী মন্দির দর্শনে আসা পুণ্যার্থীরাও। বৈষ্ণোদেবী ধামের পাশাপাশি এবার অমরনাথ যাত্রীদের জন্যও গাছ প্রসাদ বিতরণ করার পরিকল্পনা রয়েছে বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের।






