দেশ

১৫ অক্টোবর থেকেই UPI-তে নতুন নিয়ম? কেন্দ্রের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় শীর্ষ আদালতের

নতুন কাঠামো ১৫ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা।

Truth of Bengal: ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট UPI মার্চেন্ট লেনদেনে Merchant Discount Rate বা MDR চালুর সিদ্ধান্তে আপাতত কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা মামলায় কেন্দ্র, RBI ও NPCI-কে নোটিস দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, বিষয়টিতে আইনি প্রশ্নের পাশাপাশি প্রযুক্তিগত দিকও রয়েছে এবং বিস্তারিত তথ্য হলফনামায় জানাতে হবে।

নতুন কাঠামো ১৫ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। সাধারণ Person-to-Merchant বা P2M UPI পেমেন্টে ২,০০০ টাকার বেশি লেনদেন হলে ০.৪ শতাংশ MDR প্রযোজ্য হবে। ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনে সর্বোচ্চ চার্জ ৩০০ টাকা। তবে P2P অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তির UPI লেনদেন বিনামূল্যেই থাকবে এবং মাসে এক লক্ষ টাকা পর্যন্ত UPI পেমেন্ট গ্রহণকারী যোগ্য ছোট ব্যবসায়ীরাও ছাড় পাবেন। নির্দিষ্ট অত্যাবশ্যকীয় পরিষেবায় সর্বোচ্চ ৫ টাকার আলাদা কাঠামো রয়েছে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনজীবী অঞ্জন দত্ত সুপ্রিম কোর্টে মামলা করেন। মামলাকারীর পক্ষ থেকে হলফনামা জমা না হওয়া পর্যন্ত নতুন নিয়মে স্থগিতাদেশ চাওয়া হলেও আদালত এই পর্যায়ে তা মানেনি। বিচারপতি জয়মাল্য বাগচী প্রস্তাবিত চার্জের আইনি চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন—এটি শুল্ক, ফি, না অন্য ধরনের চার্জ, তা স্পষ্ট করার প্রয়োজন রয়েছে বলে আদালতে আলোচনা হয়।

MDR মূলত ব্যবসায়ীর দিক থেকে পেমেন্ট ব্যবস্থার অংশগ্রহণকারীদের দেওয়া চার্জ; নতুন নিয়মের অর্থ সরাসরি গ্রাহকের UPI অ্যাকাউন্ট থেকে ওই ০.৪ শতাংশ কেটে নেওয়া নয়। কেন্দ্রের বক্তব্য, নতুন কাঠামোয় অধিকাংশ UPI লেনদেনই চার্জের বাইরে থাকবে।

Related Articles