দেশ

ইলেক্টোরাল বন্ড নিয়ে অসম্পূর্ণ তথ্য, এসবিআইকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

SBI Supeem Court

The Truth of Bengal: ইলেক্টোরাল বন্ড নিয়ে অসম্পূর্ণ তথ্য জমা দেওয়ার অভিযোগ উঠল এসবিআই-এর বিরুদ্ধে। ফের সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হল স্টেট ব্যাঙ্ককে। শুক্রবার শীর্ষ আদালতে নির্বাচনী বন্ড সংক্রান্ত নির্বাচন কমিশনের একটি মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্বাচনী বন্ড নিয়ে সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয়। ইলেক্টোরাল বন্ড ইস্যুতে বিতর্ক পিছু ছাড়ছে স্টেট ব্যাঙ্কের। আগে বাড়তি সময় চাওয়া নিয়ে তোপের মুখে পড়তে হয়েছিল। এবার অসম্পূর্ণ তথ্য দেওয়া দেওয়া নিয়ে স্টেট ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা করল কোর্ট সুপ্রিম।

কত তারিখে কোন সংস্থা কোন দলের কত টাকার বন্ড কিনেছিল, বৃহস্পতিবার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের তোপের পর এই তথ্য কমিশনকে দিতে বাধ্য হয় স্টেট ব্যাঙ্ক। যে তালিকায় দেশের বহু শিল্পগোষ্ঠীর নাম সামনে আসে। বন্ড প্রাপক দলের তালিকায় একেবারে শীর্ষে আছে বিজেপি। তারপর আছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, শিরোমণি আকালি দল, বিআরএস-এর মতো দলগুলি। কমিশনকে দেওয়া নথিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে ২২ হাজার ২১৭টি বন্ড কেনা হয়েছিল। তার মধ্যে সব দল মিলিত ভাবে ২২ হাজার ৩০টি বন্ড ভাঙিয়েছে। বন্ড দাতা সংস্থার তালিকা ৩৩৭ পাতার। আর প্রাপক দলগুলির নামের তথ্য ৪২৬ পাতার। কার কাছ থেকে কোন দল টাকা পেয়েছে তা জানার সুযোগ নেই।

ইলেক্টোরাল বন্ড নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ্যে আনতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। ওই দিনই স্টেট ব্যাঙ্ককে এই ত্রুটির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ্যে এলে রাজনৈতিক দল এবং অনুদানদাতাদের মধ্যে কী সম্পর্ক, তা এবার সামনে আসবে।

Related Articles