অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ! মায়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া
Strict action on Myanmar border

The Truth of Bengal: অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ কেন্দের। মায়ানমার সীমান্তে বসানো হবে কাঁটাতারের বেড়া। শনিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, গত তিন মাসে কেন্দ্রের দেওয়া রিপোর্ট অনুযায়ী মায়ানমার থেকে কমপক্ষে ৬০০ সেনা ভারতে প্রবেশ করেছেন। মায়ানমারের পশ্চিমের রাখিন প্রদেশের আরাকান সশস্ত্র বাহিনীর কাছে পরাজিত হয়ে, সম্প্রতি মিজোরামের লংতলাই জেলায় এসে আশ্রয় নেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে।
সেই ভিডিও ছড়িয়ে পড়তেই মায়ানমার সীমান্তের নিরাপত্তা বৃদ্ধির ওপরে জোর দিচ্ছে কেন্দ্র। ভারত-মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো হবে জানিয়েছে অমিত শাহ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং মায়ানমারের মধ্যে যে FRM চুক্তি রয়েছে তা প্রত্যাহার করে নিতে পারে কেন্দ্র। কেননা FRM যুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে পারিবারিক, সামাজিক এবং জাতিগত সংযোগ রয়েছে যে সমস্ত পড়শি দেশের মানুষদের, তারা ভিসা-পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করতে পারেন।
একই ভাবে ভারত থেকেও মায়ানমারে প্রবেশ করা সম্ভব। তবে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো হলে, সেই চুক্তির আর কোন বৈধতা থাকবে না। ভারতে ঢুকতে হলে মায়ানমারের নাগরিকদের বৈধ ভিসা এবং পাসপোর্ট দেখাতে হবে। আসলে মায়ানমার থেকে উগ্রপন্থী, বেআইনি অভিবাসী এবং মাদক পাচারকারীরা ওই চুক্তিকে ব্যবহার করে ভারতে ঢুকে পড়ছেন এবং মণিপুরে অস্থিরতা বাড়ছে। সেই কারণে অনুপ্রবেশ বন্ধে মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






