দেশ

Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে কেন্দ্রকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার জন্য তাদের অবস্থান কী-- এই বিষয় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Truth of Bengal: কেন্দ্রকে সময় বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে এবার চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে কেন্দ্রকে। শুক্রবার এমনই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার জন্য তাদের অবস্থান কী– এই বিষয় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে ৪ সপ্তাহের মধ্যে তাদের জবাব দাখিল করতে হবে বলে নির্দেশ দিয়েছেন। শুক্রবার শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, জম্মু ও কাশ্মীরকে পুনরায় পূর্ণরাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। তবে সরকার জানিয়েছে করেছে, সম্প্রতি পহেলগাঁওয়ের মতো নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাগুলি এই প্রক্রিয়াকে বিলম্বিত করেছে (Jammu and Kashmir)।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা (ধারা ৩৭০) বাতিলের পাশাপাশি, রাজ্যের পূর্ণরাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সেই সময় থেকেই উপত্যকার বাসিন্দারা বিশেষ মর্যাদা এবং পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি জানিয়ে আসছেন। ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ হয়নি। এই ইস্যুতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। কখন উপত্যকার পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো হবে তা জানাতে ২০২৩ সালেই আদালত কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিয়েছিল। তখন কেন্দ্র কোনও নির্দিষ্ট সময় জানাতে পারেনি। এবার আদালত আরও কঠোর অবস্থান নিয়েছে— চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে কেন্দ্রকে (Jammu and Kashmir)।

শুনানিতে মামলাকারীদের আইনজীবীরা বলেন, কাশ্মীরে পহেলগাঁওয়ের মতো ঘটনা কেন্দ্রের নিয়ন্ত্রণেই ঘটেছে। অথচ কেন্দ্র আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল, তারা দ্রুত রাজ্যের মর্যাদা ফেরাবে। সেই প্রতিশ্রুতি যদি পালন না হয়, তা হলে সেই হলফনামার মূল্যই বা কী? তাঁদের আরও দাবি, যদি একবার কোনও রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার নজির তৈরি হয়, তা হলে ভবিষ্যতে কেন্দ্র ইচ্ছামতো অন্য রাজ্যগুলির সঙ্গেও একই কাজ করতে পারে। এমন পরিস্থিতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। যদিও আদালত রাজনৈতিক বিতর্কে না গিয়ে বলেছে, জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা পুনর্বহালের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের অগ্রগতি চার সপ্তাহের মধ্যে আদালতে জানাতে হবে কেন্দ্র সরকারকে (Jammu and Kashmir)।

 

Related Articles