দেশ

“রোহিঙ্গারা বিদেশি, তাঁদের বিচার হবে ‘ফরেনার্স অ্যাক্ট’ অনুযায়ীই”, জানাল সুপ্রিম কোর্ট

"Rohingyas are foreigners, they will be tried under the Foreigners Act," said the Supreme Court

Truth Of Bengal: রোহিঙ্গা শরণার্থীদের বৈধতা ও তাদের ওপর প্রশাসনিক পদক্ষেপ নিয়ে চলমান এক মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাল, রোহিঙ্গারা ভারতের নাগরিক নন, ফলে তাঁদের বিচার হবে ‘ফরেনার্স অ্যাক্ট’ অনুযায়ী। এই বিষয়ে বিচারপতি সূর্যকান্ত, দীপঙ্কর দত্ত এবং এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ শুক্রবার শুনানি করে এবং মামলাটিকে চূড়ান্ত শুনানির জন্য আগামী ৩১ জুলাই-এর তালিকায় অন্তর্ভুক্ত করে।

শুনানিতে সরকার পক্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলে তা কেবল আইনসম্মত প্রক্রিয়া মেনেই হবে। তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ২০২১ সালের ৮ এপ্রিলের এক নির্দেশের দিকে, যেখানে বলা হয়েছিল, রোহিঙ্গা শরণার্থীদের কেবল আইন অনুযায়ীই বহিষ্কার করা যাবে।

অন্যদিকে, আবেদনকারীদের আইনজীবী কলিন গনসালভেস এবং প্রশান্ত ভূষণ দাবি করেন, বৃহস্পতিবার গভীর রাতে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী ও শিশুকে আটক করে মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে অনেকের UNHCR-এর (জাতিসংঘের শরণার্থী কমিশন) কার্ড ছিল। তাঁরা একে আদালতের কার্যধারার বাইরে গিয়ে করা পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

তবে বিচারপতি দীপঙ্কর দত্ত জানান, “ওরা সবাই বিদেশি। যদি ওরা ‘ফরেনার্স অ্যাক্ট’-এর আওতায় পড়ে, তাহলে সেই আইন অনুযায়ীই তাঁদের বিচার হবে।” তিনি আরও বলেন, UNHCR-এর কার্ড থাকলেই কোনও ব্যক্তি ভারতের মাটিতে বসবাসের আইনি অধিকার পান না।

আদালত জানায়, বিষয়টি নিয়ে এখন আর কোনও অন্তর্বর্তী আদেশ দেওয়া হবে না। বরং পরবর্তী শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে—রোহিঙ্গা শরণার্থীদের ভারতে থাকার অধিকার আছে কিনা, থাকলে কী শর্তে এবং না থাকলে কীভাবে বহিষ্কার করা হবে।

এদিন শুনানিতে রোহিঙ্গা বন্দি শিবিরে মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়। আদালত তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানায়, এই সংক্রান্ত সমস্ত বিষয় ৩১ জুলাই বিস্তারিতভাবে শুনানি করে নিষ্পত্তি করা হবে।

Related Articles