দেশ

Rahul Gandhi: রাহুল গান্ধীকে টিভিতে ‘বুকে গুলি করার’ হুমকি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে কড়া পদক্ষেপের দাবি কংগ্রেসের

ওই বিজেপি নেতাকে দ্রুত গ্রেফতার করার এবং রাহুলের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়েছেন তিনি।

Truth of Bengal: লোকসভা সাংসদ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে লাইভ টেলিভিশন বিতর্কে ‘বুকে গুলি করার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠল কেরলের এক বিজেপি নেতার বিরুদ্ধে। এই গুরুতর ঘটনার পরই রাহুলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। ওই বিজেপি নেতাকে দ্রুত গ্রেফতার করার এবং রাহুলের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল অভিযোগ করেন, “কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে প্রকাশ্যে বলেছেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে (Rahul Gandhi)।”

আরও পড়ুনঃ YouTube AI Safety: আপনার সন্তান কি ইউটিউব ব্যবহার করে? নাবালক অ্যাকাউন্ট ধরবে নতুন এআই ফিচার

বেণুগোপাল আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই মেটানো উচিত। কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। তিনি মনে করেন, “রাহুল গান্ধীর আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে।” কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক এই মন্তব্যকে ‘অসাবধানতাবশত উচ্চারিত কোনও কথা নয়’ বা ‘হঠাৎ আবেগের বশে বলে ফেলা কথা নয়’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এটি আসলে “ঠান্ডা মাথায়, পরিকল্পিত এবং ভীতি তৈরির চেষ্টা।” বেণুগোপাল স্মরণ করিয়ে দেন, অতীতেও সামাজিক মাধ্যমে একাধিকবার রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই অপরাধীরা বিজেপির সঙ্গে যুক্ত। তিনি গান্ধী পরিবারের সদস্যদের ওপর হামলার বহু অতীত ইতিহাসের কথাও উল্লেখ করেন (Rahul Gandhi)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে অতি দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না করা হলে অপরাধপ্রবণতাকেই বৈধতা দেওয়া হবে। বেণুগোপাল চিঠিতে আরও লেখেন, রাহুল গান্ধী কোটি কোটি ভারতবাসীর প্রতিনিধি। তাই তাঁকে হুমকি দেওয়া মানে গণতন্ত্রের ওপরই সরাসরি হামলা। কংগ্রেস দ্রুত ওই বিজেপি নেতার গ্রেফতারি এবং বিরোধী দলনেতার নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে (Rahul Gandhi)।

Related Articles