দেশ

বদলে যাচ্ছে ৭৮ বছরের ঠিকানা, প্রধানমন্ত্রীর কার্যালয় এখন ‘সেবা তীর্থে’

এটি এক্সিকিউটিভ এনক্লেভ-১-এর প্রথম ভবন এবং বায়ু ভবনের পাশে অবস্থিত। নির্মাণকাজ প্রায় শেষের দিকে।

Truth Of Bengal: সেন্ট্রাল ভিস্তা পুনর্বিকাশ প্রকল্পের অধীনে নির্মিত নতুন কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে ‘সেবা তীর্থ’। এই কমপ্লেক্সেই স্থানান্তরিত হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। ৭৮ বছরের পুরনো ঠিকানা সাউথ ব্লক থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)-র স্থানান্তর হবে ‘সেবা তীর্থ-১’ ভবনে। এটি এক্সিকিউটিভ এনক্লেভ-১-এর প্রথম ভবন এবং বায়ু ভবনের পাশে অবস্থিত। নির্মাণকাজ প্রায় শেষের দিকে।

এই কমপ্লেক্সে পিএমও ছাড়াও থাকবে ক্যাবিনেট সচিবালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় এবং ‘ইন্ডিয়া হাউস’। ইন্ডিয়া হাউস বিদেশি অতিথিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের জন্য ব্যবহৃত হবে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ‘সেবা তীর্থ’ নামটি সেবার মনোভাবকে প্রতিফলিত করে। একই সঙ্গে দেশজুড়ে রাজভবনগুলির নাম বদলে ‘লোকভবন’, রাজপথের নাম ‘কর্তব্য পথ’ এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েটের নাম ‘কর্তব্য ভবন’ করা হয়েছে।
২০১৬ সালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম রেসকোর্স রোড থেকে বদলে করা হয় লোক কল্যাণ মার্গ।আধিকারিকদের বক্তব্য, এই নাম পরিবর্তনের মধ্য দিয়ে শাসনের চিন্তাধারায় ‘ক্ষমতা’ থেকে ‘সেবা’ এবং ‘কর্তৃত্ব’ থেকে ‘দায়িত্ব’-এর দিকে সরণ দেখা যাচ্ছে। নতুন নামগুলি জনকেন্দ্রিক শাসন ও কর্তব্যবোধের প্রতীক হিসেবে গৃহীত হয়েছে।

Related Articles