দেশ

১০০ দিনের কাজে সুপ্রিম-ধাক্কা কেন্দ্রের, ১ আগস্ট থেকে কাজ শুরুর নির্দেশ

শীর্ষ আদালতে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই মামলাটি খারিজ করে দেন।

Truth Of Bengal: সুপ্রিমকোর্টে বড় ধাক্কা কেন্দ্রের। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে বহাল থেকে শীর্ষ আদালত জানায়, “আপনারা মামলা তুলে নেবেন, না কি আমরা খারিজ করব?” এরপর শীর্ষ আদালতে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই মামলাটি খারিজ করে দেন।

গত ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, যা সোমবার খারিজ হয়ে যায়। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গে এমজিএনআরইজিএ প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্যে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পথে আরও একটি বাধা দূর হল। এবার দীর্ঘ সময় পর ফের শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ।

পশ্চিমবঙ্গে গত তিন বছর ধরে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (এমজিএনআরইজিএ) বা ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ রয়েছে। এই ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় তহবিল আটকে রেখেছে। হাই কোর্টের নির্দেশে ১ অগস্ট থেকে এই প্রকল্প পুনরায় চালু করার কথা ছিল, যা সুপ্রিম কোর্টে কেন্দ্রের আবেদন খারিজ হওয়ার পর বহাল রয়েছে। এই রায়ের ফলে রাজ্যে ১০০ দিনের কাজ শুরুর পথে একটি বাধা দূর হলেও, তহবিল বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত রয়েছে।

হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি কেন্দ্রেকে বলেছিলেন, ‘‘এই সংক্রান্ত সমস্ত অভিযোগ ২০২২ সালের আগের। সেই সব নিয়ে আপনারা যা খুশি পদক্ষেপ করুন। কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক।’’ এবার হাইকোর্টের রায় বহাল রাখলো শীর্ষ আদালত।

Related Articles